২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইশারা ভাষার রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষা

দেশের ২৬ লাখ মানুষ শ্রবণ প্রতিবন্ধী হলেও ইশারা ভাষার রাষ্ট্রীয় স্বীকৃতি না থাকায় শিক্ষা, কর্মক্ষেত্র, এমনকি আদালতেও অধিকারবঞ্চিত থাকতে হচ্ছে তাদের। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানাচ্ছেন মামুনুর রশীদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2011, 04:33 PM

Updated : 24 Aug 2022, 04:25 PM

মামুনুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ২৬ লাখ শ্রবণ প্রতিবন্ধীর কল্যাণে ইশারা ভাষার স্বীকৃতি ও পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সোসাইটি অব দি ডেফ অ্যান্ড সাইন ল্যাঙ্গুয়েজ ইউজার্স (এসডিএসএল)। এই স্বেচ্ছাসেবী সংগঠনটির সমন্বয়ক শান্তনু দে শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শ্রবণ প্রতিবন্ধীরা কথা বলে ইশারা ভাষায়। জনসংখ্যার বিচারে এটিই দেশের দ্বিতীয় প্রধান ভাষা হওয়া উচিৎ। অথচ এই ভাষায় প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো ব্যবস্থা এখানে নেই। সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা আদালতেও নেই আলাদা কোনো সুবিধা। ফলে কর্মসংস্থান কিংবা রাস্তাঘাটে চলাচলসহ সব ক্ষেত্রেই প্রতিবন্ধকতার মুখে পড়ছে শ্রবণ প্রতিবন্ধীরা।" প্রতিবছর ৭ ফেব্র"য়ারি রাষ্ট্রীয়ভাবে 'বাংলা ইশারা ভাষা' দিবস পালনের দাবিতে শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে এসডিএসএল ও অ্যাকশনএইড। এসডিএসএলএর সদস্যরা বলেন, শিশু কথা বলতে শেখে অপরকে অনুকরণের মাধ্যমে। অর্থাৎ শুনে শুনে সে ভাষা শেখে। শ্রবণ প্রতিবন্ধীরা শুনতে পায় না বলে উচ্চারণ করা শেখে না। তাই জন্ম থেকে শ্রবণ প্রতিবন্ধীরা বোবা হয়েই থাকে। আর যোগাযোগের জন্য তাদের দরকার হয় ইশারা ভাষার। শান্তনু দে বলেন, "বাংলাদেশ সরকার জাতিসংঘ ঘোষিত প্রতিবন্ধীদের অধিকার সনদ এবং ঐচ্ছিক প্রতিপালনীয় বিধি বিধান অনুসমর্থন করেছে। এই সনদ ২০০৮ সালের ৩ মে থেকে সারা বিশ্বে কার্যকর হয়েছে। জাতিসংঘ ঘোষিত এই সনদে ইশারা ভাষার স্বীকৃতি ও পৃষ্ঠপোষকতা দিতে রাষ্ট্রকে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।" তিনি জানান, এই সনদের ধারা-২ এ ভাষার সংজ্ঞায় ইশারা ভাষাকেও স্বীকৃতি দেওয়া হয়েছে। মানববন্ধনে অংশ নিতে আসা যুক্তরাষ্ট্র প্রবাসী শ্রবণ প্রতিবন্ধী মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমেরিকায় শ্রবণপ্রতিবন্ধীদের জন্য বিশেষায়িত স্কুল, বিশ্ববিদ্যালয়সহ নানা সুযোগ সুবিধা রয়েছে। কিন্তু আমাদের দেশে এদের জন্য কোনো সুযোগ নেই বললেই চলে।" সরকার বাংলা ইশারা ভাষাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিলে শ্রবণ প্রতিবন্ধীরা অনেকখানি এগিয়ে যেতে পারবে বলেই তার বিশ্বাস। বিশেষজ্ঞরা জানান, ষোড়শ শতকে ইউরোপের দেশগুলোতে শ্রবণ প্রতিবন্ধীদের যোগাযোগের মাধ্যম হিসাবে ইশারা ভাষার বিকাশ ঘটতে থাকে। অধিকাংশ ইশারা ভাষা প্রাকৃতিক এবং বিভিন্ন অঞ্চলের নিজস্ব ভাষা রীতি অনুযায়ী গড়ে ওঠে। এটি নির্ভর করে গতানুগতিক ধারণা, মুকাভিনয়, হাতের অবস্থান এবং আঙুলের কাজের ওপর। হাতের অবস্থান যার যার ভাষার বর্ণমালাগুলো চিহ্নিত করে। এটি সবক্ষেত্রে শুধু একটি শব্দকে উপস্থাপন করে না বরং একটি বাক্যের গোটা ভাবও বোঝায়। ঢাকা মহিলা বধির সংঘের সভাপতি শিরিন বেগম বলেন, বাংলাদেশে শ্রবণ প্রতিবন্ধীদের মধ্যে মেয়েরা সবচেয়ে বেশি অবহেলিত। "শুধু বাইরের মানুষের কাছে নয়, শ্রবণ প্রতিবন্ধী মেয়েরা পারিবারিকভাবেও নির্যাতিত হচ্ছে। ভাষার দূরত্বের কারণে আদালতেও তারা সুবিচার পাচ্ছে না।" এ বিষয়ে এসডিএসএলের সভাপতি শ্রবণ প্রতিবন্ধী এম ওসমান খালেদ দোভাষীর মাধ্যমে বিডিনিউজকে বলেন, "আমাদের ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় পুলিশও মামলা নিতে চায় না। আর সাংকেতিক ভাষার সাক্ষ্য যেহেতু আদালতে গ্রহণযোগ্য হয় না, সেহেতু দোভাষীর ব্যবস্থা না থাকায় সাক্ষীরা ঠিকমতো সাক্ষ্যও দিতে পারেন না।" তিনি বলেন, বাংলাদেশে প্রতিবন্ধীদের মধ্যে শ্রবণ প্রতিবন্ধী মানুষের সংখ্যাই সবচেয়ে বেশি। কিন্তু তাদের সঙ্গে আলোচনার সুযোগ কম বলে তাদের সমস্যার বিষয়গুলো অবহেলিতই থেকে যায়। শিক্ষাক্ষেত্রে বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ইশারা ভাষা চালু, এই ভাষায় দক্ষ শিক্ষক নিয়োগ এবং শিক্ষা ব্যবস্থার সব স্তরে পেশাজীবী ও কর্মীদের প্রশিক্ষণের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি। রাষ্ট্রীয় পর্যায়ে ১৯৯৪ সালে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও বাংলাদেশ জাতীয় বধির ফেডারেশনের যৌথ উদ্যোগে বাংলা ইশারা ভাষার অভিধান প্রকাশ করা হয়। ২০০৯ সালের ১ ফেব্র"য়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইশারা ভাষাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেওয়ার পর ২০১১ সালের মে মাসে সমাজকল্যাণ মন্ত্রণারয়ের উদ্যোগে এক আন্তঃমন্ত্রণালয় সভায় প্রতিবছর ৭ ফেব্র"য়ারি রাষ্ট্রীয়ভাবে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপনের সিদ্ধান্তও নেওয়া হয়। বিষয়টি এখন মন্ত্রীপরিষদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ঢাকা বধির সংঘের সভাপতি মিজানুর রহমান বলেন, "আমাদের দাবি, ২০১২ সালেই যেন আমরা ইশারা ভাষার রাষ্ট্রীয় স্বীকৃতি পাই। একটি দিবস মানুষের সচেতনতা কিংবা দৃষিভঙ্গির অনেকখানি বদলে দেয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/জেকে/২২০৯ ঘ.