২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনসিসি নির্বাচন: ইভিএম ও সিসি ক্যামেরা বসছে

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ও ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা বসানোর কাজ শুরু করেছে নির্বাচন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2011, 04:07 PM

Updated : 24 Aug 2022, 04:26 PM

নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ও ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা বসানোর কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের রিটার্নিং অফিসার বিশ্বাস লুৎফর রহমান জানান, নয়টি ওয়ার্ডে ইভিএম এবং ২৫টি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর কাজ চলছে। তিনি বলেন, অধিক ঝুঁকিপূর্ণ ও ঝুঁকিপূর্ণ ২৫টি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হবে। এসব কেন্দ্র চিহ্নিত করার জন্য মাঠ পর্যায়ে কাজ করছেন নির্বাচন কমিশনের কর্মীরা। বিভিন্ন সংস্থার সহযোগিতায় নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ ও বন্দর কদরসুল এলাকা মিলিয়ে এই নয়টি ওয়ার্ড ও ২৫টি কেন্দ্রের তালিকা করা হয়। রিটার্নিং কর্মকর্তা আরো বলেন, নির্বাচনী বিধি ঠিকমতো মানা হচ্ছে কি না কিংবা কেউ লঙ্ঘন করছে কি না তা পর্যবেক্ষণ করার জন্য নয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি নির্বাচন কমিশনের ১০ জন কর্মকর্তা এলাকায় রয়েছেন। তারা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের কর্মকা-ে প্রতিও নজর রাখছেন, বলেন রিটার্নিং কর্মকর্তা। ২২ সেপ্টেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩০ অক্টোবর এ নির্বাচন হওয়ার কথা। আগামী ২ অক্টোবর পর্যন্ত মনোনয়নপত্র জমা এবং ১২ অক্টোবর তা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। শুক্রবার পর্যন্ত মেয়র পদে সাতজন, সাধারণ কাউন্সিলর পদে ৩৫০ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬৪ জন মনোনয়নপত্র কিনেছেন। মনোনয়নপত্র জমা দিয়েছেন সাধারণ কাউন্সিলর পদে ২১ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে দুইজন। মনোনয়নপত্র দাখিলের শেষদিন ঘনিয়ে আসায় শুক্রবার ছুটির দিনের রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রচুর ভিড় ছিল। এনসিসি নির্বাচনে মেয়র পদের আলোচিত সম্ভাব্য তিন প্রার্থী হলেন শামীম ওসমান, ডা. সেলিনা হায়াত আইভী ও অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। এছাড়া জেলা আওয়ামী লীগের আহবায়ক ও সাবেক সংসদ সদস্য এস এম আকরাম এবং ইসলামী আন্দোলন নেতা আতিকুর রহমান নান্নু মিয়াও মনোনয়নপত্র কিনেছেন। নান্নু মিয়া কেনেন শুক্রবার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০০ ঘ.