বাগেরহাট, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনের ধনচেবাড়িয়ায় র্যাব ও বনদস্যুর মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনায় শুক্রবার দুপুরে দুইটি মামলা করেছে র্যাব।
এদিকে বাগেরহাট সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে বিকালে নিহতদের মধ্যে তিনজনের লাশ নিয়ে গেছে স্বজনরা। আরেকজনের লাশ মর্গে রয়েছে। তার পরিচয় জানা যায়নি বলে পুলিশ জানিয়েছে।
শরণখোলা থানায় র্যাব-৮ এর উপ-সহকারী পরিচালক রফিকুল ইসলামের দায়ের করা মামলায় নিহতরাসহ অজ্ঞাত জলদস্যুদের আসামি করা হয়েছে।
এর আগে সকালে বাগেরহাটের পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) খন্দকার রফিকুল ইসলাম শরণখোলা থানায় এসে উদ্ধার করা আগ্নেয়াস্ত্র পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার দুপুরে ভোলা নদীতে দেড়ঘণ্টার এই বন্দুকযুদ্ধে নিহত চারজনের লাশ উদ্ধার করা হয়।
শরণখোলা থানার উপ-পরিদর্শক গাজী মোহাম্মদ ইকবাল জানান, সরকারি কাজে বাধাদান এবং হত্যা ও অস্ত্র আইনে দু'টি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
এসপি খন্দকার রফিকুল ইসলাম বলেন, নিহতদের অপরাধ সংক্রান্ত তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে।
বন্দুকযুদ্ধে নিহত পরিচয় পাওয়া তিনজন হলেন পিরোজপুরের জিয়ানগর উপজেলার টগরা গ্রামের বেলায়েত হোসেন (৩৫), খুলনার দাকোপ উপজেলার সুতোরখালী গ্রামের কামরুজ্জামান ওরফে নাতি কামরুল (৩০), নলিয়ান গ্রামের রওশন ইসলাম ছানা ওরয়ে রওশন (৩০)।
গোলাগুলির পর ঘটনাস্থল থেকে র্যাব ছয়টি বিদেশি একনলা বন্দুক, মায়ানমারের তৈরি পাঁচটি এলজি, আমেরিকার তৈরি একটি পিস্তল, দুই রাউন্ড পিস্তলের এবং ২৪ রাউন্ড বন্দুকের গুলি ও ১৫টি বন্দুকের গুলির খোসা উদ্ধার করেছে।
এছাড়া চারটি রামদা, দুটি চাইনিজ কুড়াল, একটি ট্রলার, নগদ টাকা ও বিভিন্ন খাদ্য সামগ্রী উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১৮ ঘ.
bdnews24