২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহৃত কলেজছাত্রী উদ্ধার, চেম্বার পরিচালক গ্রেপ্তার

জামালপুর শহর থেকে অপহৃত এক কলেজ-ছাত্রীকে উদ্ধার করেছে স্থানীয় জনতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2011, 01:34 PM

Updated : 24 Aug 2022, 04:26 PM

জামালপুর, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুর শহর থেকে অপহৃত এক কলেজ-ছাত্রীকে উদ্ধার করেছে স্থানীয় জনতা। অপহরণের অভিযোগে একই সময় জামালপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক পরিচালকসহ দুইজনকে আটকও করে তারা। শুক্রবার জামালপুরের বিচার বিভাগীয় হাকিম জাহাঙ্গীর আলমের আদালতে হাজির করলে আটক দু'জনকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। এরা হলেন জামালপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক শ্যামল চন্দ্র সাহা (৩৫) এবং তার সহযোগী দিপু। বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুর শহরের বানিয়াবাজার থেকে মেয়েটিকে অপহরণ করা হয়। ওই রাতেই দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ থেকে তাকে উদ্ধার করা হয়। মেয়েটি শেরপুরের পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রী। দেওয়ানগঞ্জ থানার ওসি মতিউর রহমান জানান, সন্ধ্যা ৬টার দিকে মেয়েটিকে একটি জিপে তুলে দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ নিয়ে যায়। রাত ১০টার দিকে স্থানীয় জনতা শ্যামল ও দিপুকে আটক এবং মেয়েটিকে উদ্ধার করে পুলিশকে জানায়। রাতেই এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে শ্যামল চন্দ্র সাহাসহ চারজনকে আসামি করে থানায় অপহরণ মামলা করেছেন। মামলার অপর দুই আসামি হলেন শ্যামলের ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মাহমুদ উল্লাহ ও জিপ চালক আলম। তারা পলাতক রয়েছেন বলে পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। পুলিশ কর্মকর্তা আরো জানান, বছর দুয়েক আগে শ্যামল চন্দ্র সাহা শেরপুরের ঝিনাইগাতি উপজেলায় অস্ত্র ও মদসহ গ্রেপ্তার হয়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২৭ ঘ.