২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত কিশোর উদ্ধার, গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে অপহৃত এক স্কুলছাত্রকে রাজশাহী থেকে উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2011, 12:23 PM

Updated : 24 Aug 2022, 04:26 PM

চাঁপাইনবাবগঞ্জ, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে অপহৃত এক স্কুলছাত্রকে রাজশাহী থেকে উদ্ধার করেছে পুলিশ। তাকে অপহরণ করার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের হুজরাপুর থেকে ফরিদ আহমেদ আকাশ (১৫) নামের কিশোরটিকে উদ্ধার করা হয়। আকাশ শহরের ফুলকুঁড়ি ইসলামিক একাডেমির দশম শ্রেণীর ছাত্র। পুলিশ কনস্টেবল আব্দুল হাইয়ের ছেলে। বৃহস্পতিবার রাতে তাকে অপহরণ করা হয়। গ্রেপ্তার হয়েছেন শহরের নিমতলা মহল্লার রাসেল জাহান (২৫)। একজন পালিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে। আকাশের বরাত দিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রোকনুজ্জামান জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে আকাশ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তথ্যমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে বাড়ি ফেরার সময় রাসেল ও বাবু ছুরির ভয় দেখিয়ে মোটরসাইকেলে তুলে রাজশাহীর গোদাগাড়ি নিয়ে যায়। সেখানে তাকে সারারাত একটি করাত কলে আটকে রেখে মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা ও তার বাবার মোটরসাইকেলটি দাবি করে। পুলিশ কর্মকর্তা বলেন, আকাশ আরো জানায়- শুক্রবার সকালে অপহরণকারীরা তাকে সেখান থেকে হুজরাপুরের একটি বাড়িতে নিয়ে আসে। ওই বাড়ির মালিক বিষয়টি পুলিশকে জানান। উদ্ধার অভিযান চালানোর সময় অপর অপহরণকারী রাজশাহী শহরের আরিফ ফল ভা-ারের মালিক বাবু পালিয়ে যায়, বলেন পুলিশ কর্মকর্তা। তিনি আরো বলেন, এ ঘটনায় আকাশের মা ফিরোজা বেগম বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি অপহরণ মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১৯ ঘ.