গাজীপুর, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান সরকারের মেয়াদেই মেট্রোরেল চালু করা হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন।
শুক্রবার সকালে গাজীপুরের শ্রীপুরের মাওনা এলাকায় ক্ষতিগ্রস্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেরামত কাজ পরিদর্শন শেষে তিনি বলেন, "মেট্রোরেল নির্মাণ করার জন্য সরকার সর্বাত্মক চেষ্টা করছে। আশা করছি এ সরকারের মেয়াদেই মেট্রোরেল চালু করতে পারবো।"
মেট্রোরেল স্থাপনের সিদ্ধান্ত জাইকাকে লিখিতভাবে জানানো হয়েছে বলেও জানান তিনি।
আবুল হোসেন বলেন, "মেট্রোরেল স্থাপনে প্রয়োজনীয় অর্থ দিতে জাপান সম্মত হয়েছে। প্রাথমিকভাবে নির্মাণ ব্যয় প্রায় ১৭০ কোটি ডলার ধরা হলেও পরিসর বাড়ানোর পরিকল্পনা করায় ব্যয় আরো বাড়বে। বাড়তি ব্যয়ও দেবে জাপান।"
এ সময় অন্যদের মধ্যে যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব মোজাম্মেল হক খান, সওজের প্রধান প্রকৌশলী আব্দুল কুদ্দুস, ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহাবুদ্দিন খান, গাজীপুরের নির্বাহী প্রকৌশলী শেখ সফিকুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
রাস্তা মেরামত শুরু করতে দেরি হওয়া প্রসঙ্গে মন্ত্রী আবারো প্রয়োজনীয় অর্থ বরাদ্দ বরাদ্ধ না পাওয়ার দাবি করেন। আবুল হোসেন বলেন, "আগামী মাস থেকে পুনসংস্কারের কাজ পুরোদমে শুরু হবে। ঈদের আগেই বেশিরভাগ কাজ শেষ হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৭৩৬ ঘ.
bdnews24