ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফ্রিকা মহাদেশের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ কিলিমানজারো ঘুরে এসে এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম জানালেন, এবার তার লক্ষ্য অ্যান্টার্কটিকার মাউন্ট ভিনসন ম্যাসিফ।
শুক্রবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ যাদুঘরে 'কিলিমানজারো বিজয় ও বাংলাদেশের পর্যটন' শীর্ষক সংবাদ সম্মেলনে এই নতুন মিশনের কথা জানান মুসা। পর্বতারোহীদের সংগঠন নর্থ আলপাইন ক্লাব এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
কিলিমানজারো অভিযানে মুসা ও তার দলের বিভিন্ন ভিডিওচিত্র এবং ছবিও প্রকাশ করা হয় এ অনুষ্ঠানে। একটি ভিডিওচিত্রে দেখা যায়, কিলিমানজারোর চূড়ায় দাঁড়িয়ে বাংলাদেশের জাতীয় সংগীত গাইছেন মুসা ইব্রাহীম ও নিয়াজ মোরশেদ পাটওয়ারী। সেই দৃশ্য দেখে বুকভরা গর্ব নিয়ে উঠে দাঁড়ান সংবাদ সম্মেলনে উপস্থিত সবাই।
গত ১২ সেপ্টেম্বর আফ্রিকার তানজানিয়ায় ১৯ হাজার ৩৪০ ফুট উঁচু কিলিমানজারো চূড়ায় পৌঁছান এ দুই অভিযাত্রী। তাদের দলের আরেক অভিযাত্রী অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এম এ সাত্তার ১৫ হাজার ফুট পর্যন্ত উঠে অসুস্থতার কারণে ফিরে আসেন।
মুসা জানান, কিলিমানজারো চূড়ায় তারাই প্রথম বাংলাদেশি নন। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি সাফিনা শেহনাজ ২০০৭ সালের ২৫ মে ওই পর্বতচূড়ায় পৌঁছান।
সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ চূড়া আরোহনের লক্ষ্য নিয়ে 'সেভেন সামিট' নামের এই অভিযানের পরবর্তী গন্তব্য দক্ষিণ মেরুর মাউন্ট ভিনসন। ১৬ হাজার ৬৭ ফুট উঁচু ওই শৃঙ্গ জয়ে আগামী ডিসেম্বর-জানুয়ারি নাগাদ অভিযান শুরুর আশা করছেন মুসা ।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জিএম কাদের সংবাদ সম্মেলনে বলেন, "মুসা ইব্রাহীমের মতো পর্যটকরা সারাবিশ্বে দেশের সম্মান তুলে ধরছেন। তাদের সাফল্য দেখে আমার অনুভূতি হচ্ছে, চাইলে হয়তো আমিও এভাবে চূড়ায় উঠতে পারবো। পরবর্তী কোনো অভিযানে হয়তো আমিও অংশ নিতে পারবো।"
বাংলাদেশের পর্যটন খাতের বিভিন্ন সমস্যার কথা স্বীকার করে তিনি বলেন, "পর্যটনকে আমরা আগে তেমন গুরুত্ব দেইনি বলেই এখনো পিছিয়ে আছি।"
প্রতিবছর কতোজন পর্যটক বাংলাদেশে আসেন তা জানতে একটি আধুনিক ব্যবস্থা চালু করার চেষ্টা হয়েছিল জানিয়ে আক্ষেপের সুরে মন্ত্রী বলেন, "পর্যটকের সঠিক সংখ্যা আমরা পাইনি। যা পাই, তা হলো বিমানবন্দর আর হোটেল সোনারগাঁওয়ে ডলার ভাঙ্গানোর হিসাব।"
তবে অভ্যন্তরীণ পর্যটনের প্রবণতা প্রতি বছরই বাড়ছে বলে জিএম কাদের জানান।
নর্থ আলপাইন ক্লাবের সভাপতি আনিসুল হক এ ধরনের অভিযানের ব্যাপারে পৃষ্ঠপোষকদের আরো এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, এ ধরনের অভিযানে সারাবিশ্বে বাংলাদেশের সার্মথ্য ও স্বচ্ছলতা বৃদ্ধির বিষয়টি প্রমাণিত হয়।
অন্যদের মধ্যে তানজানিয়ার অনারারি কনসাল এম রফিকুল ইসলাম, স্পন্সর প্রতিষ্ঠান সামিট গ্র"পের চেয়ারম্যান এম আজিজ খান ও জেএএন অ্যাসোসিয়েটসের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ এইচ কাফি সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/কিউএইচ/জেকে/১৭১৭ ঘ.
bdnews24