কিশোরগঞ্জ, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যার পর নিজের ঘরে বন্ধুকে পুঁতে রাখার ঘটনা উদ্ঘাটিত হয়েছে কিশোরগঞ্জে।
বৃহস্পতিবার রাতে সদর উপজেলার চরশোলাকিয়া এলাকার বাগপাড়া গ্রামে রফিকুল ইসলামের ঘরের মেঝে খুঁড়ে বন্ধু রফিকুল ইসলাম রুবেলের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় হত্যার অভিযোগে রফিককে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয়রা জানায়, কয়েকশ গজ ব্যবধানে দুই বাড়ির এই দুই ব্যক্তির নামই রফিক। নামে মিল থাকার পাশাপাশি তারা দুজন ছিলেন বন্ধু।
ব্যবসায়িক লেনদেন নিয়ে বিরোধই এ হত্যাকাণ্ডের কারণ বলে ধারণা করছে পুলিশ। "তবে আর কোনো কারণ রয়েছে কি না, পুলিশ তা খতিয়ে দেখছে," সাংবাদিকদের বলেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মীর রেজাউল আলম।
স্থানীয়রা জানায়, দুই সন্তানের জনক রুবেল কাপড়ের ব্যবসা করতেন। আর রফিকের দোকান ছিলো জেলা শহরের তেরীপট্টি এলাকায়। ওই দোকান আবার ভাড়া নিতে যাচ্ছিলেন রুবেল।
রুবেলের পরিবারের বক্তব্য অনুযায়ী, অগ্রিম ভাড়া ও জামানত বাবদ রফিককে ১ লাখ টাকা দেওয়ার কথা হয়। এর মধ্যে ২০ সেপ্টেম্বর ৮০ হাজার টাকা দেওয়াও হয়। অবশিষ্ট টাকা ২৬ সেপ্টেম্বর দেওয়ার কথা ছিলো।
রুবেলের স্ত্রী কল্পনা আক্তার পুলিশকে জানান, ২৬ সেপ্টেম্বর রফিক মোবাইলে ফোন করে রুবেলকে ডেকে নেয়। তার পর থেকে তার স্বামী নিখোঁজ।
পরবর্তী তিন দিন খোঁজাখুজি করেও রুবেলের সন্ধান না পেয়ে বৃহস্পতিবার কল্পনা বাদি হয়ে রফিককে আসামি করে তার স্বামীকে অপহরণের অভিযোগে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা করেন।
মামলার পরপরই পুলিশ তৎপর হয়। রাতেই গ্রেপ্তার করা হয় রফিককে।
পুলিশ সুপার বলেন, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রফিক হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন।
"রফিক বলে, শ্বাসরোধে হত্যার পর রুবেলকে বাড়ির মেঝেতেই পুঁতে রেখেছে সে," বলেন তিনি।
এরপর পুলিশ সুপার মীর রেজাউলের নেতৃত্বে পুলিশের একটি দল মধ্যরাতে বাড়ির একটি কক্ষের মেঝে খুঁড়ে রুবেলের লাশ উদ্ধার করে। কয়েকশ গজ দূরত্বে অবস্থিত রুবেলের বাড়িতে তখন কান্নার রোল উঠে।
রুবেলের বাবা মো. নূরুজ্জামান কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের বলেন, "৮০ হাজার টাকা আত্মসাতের জন্যই আমার ছেলেকে খুন করা হয়েছে। আমি এর বিচার চাই।"
পুলিশও ধারণা করছে, ৮০ হাজার টাকা নিয়ে কোনো গোলমাল বেঁধেছিলো। তার কারণেই প্রাণ হারাতে হয়েছে রুবেলকে।
পুরো ঘটনা উদ্ঘাটনে রফিককে আরো জিজ্ঞাসাবাদ করতে হবে বলে পুলিশ কর্মকর্তারা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪২০ ঘ.
bdnews24