২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে এক পরিবারের ৩ জনকে এসিড নিক্ষেপ

সপ্তম শ্রেণীর এক ছাত্রী প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তাকেসহ ওই পরিবারের তিনজনকে এসিড ছুড়ে মারার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2011, 06:38 PM

Updated : 24 Aug 2022, 04:25 PM

হবিগঞ্জ, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তম শ্রেণীর এক ছাত্রী প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তাকেসহ ওই পরিবারের তিনজনকে এসিড ছুড়ে মারার অভিযোগ পাওয়া গেছে। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাদশাহরগাঁও (আইতন) গ্রামে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, বাদশাহরগাঁও গ্রামের ফুল মিয়ার মেয়ে সুলতানা বেগম (১৪), তার চাচী বিউটি বেগম ও চাচাতো ভাই জাহিদ (২)। তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুলতানা স্থানীয় দক্ষিণাচরণ পাইলট (ডিসিপি) উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। সুলতানার মা আনোয়ারা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্কুলে যাওয়া- আসার পথে একই বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র ও গ্রামের আইয়ূব আলীর ছেলে তানভীর প্রায়ই সুলতানাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করতো। এতে রাজী না হওয়ায় সে ক্ষুব্ধ ছিলো। "তানভীর বৃহস্পতিবার রাত ৮টায় দুই সহযোগি একই গ্রামের দিলবর মিয়ার ছেলে শাহবাজ ও তৈয়ব আলীর ছেলে শাহিনকে নিয়ে আমাদের বাড়িতে আসে। উঠানে বসে গল্প করার এক পর্যায়ে তারা সুলতানাকে লক্ষ্য করে এসিড ছোড়ে। এতে সুলতানা ও অন্য দুইজন আহত হয়।" চুনারুঘাট থানার ওসি সৈয়দ মাহবুবুর রহমান বলেন, "ব্যাটারির এসিডে তারা আক্রান্ত হয়েছেন। যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাদের সঙ্গে সুলতানার পরিবারের জমি সংক্রান্ত পূর্ববিরোধ রয়েছে। ঘটনাটি রহস্যজনক। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/পিডি/০০৩৪ ঘ.