২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোড মার্চের পর ফাইনাল খেলা: খালেদা

খালেদা জিয়া বলেছেন, অক্টোবরে রোড মার্চ কর্মসূচি শেষে 'ফাইনাল খেলা'র জন্য প্রস্তুত হবে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2011, 01:14 PM

Updated : 24 Aug 2022, 04:25 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়া বলেছেন, অক্টোবরে রোড মার্চ কর্মসূচি শেষে 'ফাইনাল খেলা'র জন্য প্রস্তুত হবে বিএনপি। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে তিনি বলেন, "আমরা বর্তমান সরকারের দুর্নীতি ও অপশাসনের কথাগুলো দেশের জনগণকে জানাতে [রোড মার্চ] কর্মসূচি দিয়েছি। এসব কর্মসূচি সফল করতে হবে। "ওই কর্মসূচি শেষ করে আমরা ফাইনাল খেলার জন্য রেডি হব।" তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে নির্বাচন হবে না বলেও হুঁশিয়ার করেন খালেদা জিয়া। সরকারের বিরুদ্ধে চূড়ান্ত আন্দোলনকে 'ফাইনাল খেলা' অভিহিত করে বিএনপি চেয়ারপার্সন বলেন, "ওই ফাইনাল খেলায় দেশপ্রেমিক জনগণ জয়ী হবে। আর গোলামীর শৃঙ্খলে আবদ্ধ দলটিকে [আওয়ামী লীগকে] বাংলাদেশের শৃঙ্খলে নিয়ে আসা হবে।" আগামী অক্টোবরে পৃথক তিনটি দিনে সিলেট রাজশাহী ও চট্টগ্রাম অভিমুখে রোড মার্চ করবে বলে মঙ্গলবার র্কমসূচি দিয়েছে বিএনপি। বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি-মতিন) মহাসচিব আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহর নেতৃত্বে সহস্রাধিক নেতা-কর্মী খালেদা জিয়ার হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেয় বৃহস্পতিবার। এ যোগদান অনুষ্ঠানে খালেদা জিয়া এসব কথা বলেন। বিজেপির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর আলম, আমাতুন নূর পান্না, খুলনা জেলা সভাপতি মোল্লা মোহাম্মদ ওমর ফারুকসহ চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ, রাজবাড়ী বিজেপি ও তার কয়েক অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা একসঙ্গে যোগ দেন। যোগদানকারীদের স্বাগত জানিয়ে খালেদা বলেন, "এখন থেকে আপনারা বিএনপির সম্মানিত সদস্য।" 'তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচন হবে না' বুধবার সৈয়দ আশরাফুলের দেওয়া বক্তব্যের জবাবে খালেদা বলেন, "আওয়ামী লীগের নেতারা যে যাই বলুক, আমি বলছি, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এ দেশে কোনো নির্বাচন হবে না, হবে না। অতীতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে, আগামীতেও তাই হবে।" স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এক সংবাদ ব্রিফিঙে বুধবার বলেন, "আগামী নির্বাচন হবে দলীয় সরকারের অধীনেই। সেই নির্বাচনে সব দল অংশ নেবে।" এর আগের দিন নয়া পল্টনে চার দলের জনসভায় খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান। সরকার দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে দাবি করে খালেদা বলেন, "তাই এখন আর তাদের সময় দেওয়া যাবে না। আগামী সেপ্টেম্বরের আগেই এই সরকারকে বিদায় করতে হবে।" পুলিশ ও র‌্যাব প্রসঙ্গ পুলিশ ও র‌্যাব বাহিনীর 'অতি উৎসাহী' সদস্যদের সর্তক করে সাবেক প্রধানমন্ত্রী বলেন, "আমরা জানি পুলিশ বাহিনীর সবাই দেশের জনগণের ওপর জুলুম নির্যাতন করছে না। তাদের মধ্যে অতি উৎসাহীরা এই জুলুম নির্যাতনের সঙ্গে সম্পৃক্ত। "আমি তাদের বলে দিতে চাই, অতি উৎসাহী সদস্যদের তালিকা আমাদের কাছে আছে। তারা কেউ ভবিষ্যতে রেহাই পাবেন না।" তিনি অভিযোগ করে বলেন, "আপনারা দেখেছেন কিভাবে সংসদের বিরোধী দলীয় প্রধান হুইপ ফারুককে পুলিশ নির্যাতন করেছে। পুলিশের বুটের নিচে একজন পথচারী পিষ্ট হওয়ার ঘটনা ঘটেছে। প্রতিনিয়ত সর্বত্র লাশ পাওয়া যাচ্ছে।" জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলকে ডান্ডাবেড়ি পরিয়ে আদালতে আনার সমালোচনা করেন খালেদা। "জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল একজন রাজনীতিবিদ, তাকে ডাণ্ডাবেড়ি পরিয়ে আদালতে আনা হয়েছে। সরকার কি ভুলে গেছেন, এই দিন, দিন নয়, সামনে আরও দিন আছে। এরকম নির্যাতনের পরিণতি আপনাদেরও একদিন ভোগ করতে হতে পারে।" ২১ অগাস্টের গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানকে জড়িয়ে মিথ্যা অভিযোগপত্র দেওয়া হয়েছে বলেও দাবি করেন খালেদা জিয়া। তিনি বলেন, "তারেক রহমান, বাবর, আবদুস সালাম পিন্টুসহ বিএনপি নেতৃবৃন্দ, পুলিশের তিনজন আইজি ও দুইটি সংস্থা প্রধানদের ওই মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। যারা এই সব মিথ্যা মামলা দিয়েছেন, একদিন তাদেরও জেলে যেতে হবে।" আওয়ামী লীগের সমাবেশে ২০০৪ সালের ২১ অগাস্টের গ্রেনেড হামলার মামলায় সম্পূরক অভিযোগপত্রে তারেক-বাবরদের আসামি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২০৫১ ঘ.