নড়াইল, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি মোবাইল ফোন চুরির অভিযোগে নড়াইলে মারধরে আহত মানসিক প্রতিবন্ধী এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহতের নাম আব্দুল মান্নান (২৫)। তার বাড়ি নড়াইল সদর উপজেলার গাড়ুচোরা গ্রামে।
বুধবার পিটুনির পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দিনই মারা যান তিনি। ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার তার লাশ নড়াইলে আনা হয়।
মান্নান মানসিক প্রতিবন্ধী বলে তার বাবা বিলাত গাজী ও গ্রামবাসী জানায়।
বিলাত (৭২) সাংবাদিকদের বলেন, গত ১৮ সেপ্টেম্বর বাড়ির পাশের গাড়–চোরা বাজারের ব্যবসায়ী পল্লব বিশ্বাসের দোকান থেকে একটি মোবাইল ফোন নিয়ে আসে।
"পরে তা ফেরতও দেওয়া হয়। কিন্তু এরপরও পল্লবের লোক জন মান্নানকে পিটিয়ে জখম করে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখে। তাদের ভয়ে ছেলেটিকে সময় মত চিকিৎসকের কাছেও নিতে পারিনি।"
নিহতের বড় বোন সালমা বেগম বলেন, "পল্লব ও তার লোক জনের ভয়ে আমরা মান্নানকে সময় মতো হাসপাতালে নিয়ে যেতে পারিনি। পরে তাদের কাছ থেকে অনুমতি নিয়ে ২৬ সেপ্টেম্বর তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করি। এ সময় তার শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার ভোর রাতে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।"
ঘটনার দৃষ্টান্তমূলক শান্তি দাবি করে সালমা জানান, তারা মামলা করবেন।
মান্নানের ভাবি সবুরা বেগম (২৪) বলেন, "মান্নান মানসিক প্রতিবন্ধী। বেশীর ভাগ সময় তিনি সুস্থ থাকলেও মাসে দুই/এক দিন তার মাথা খারাপ থাকে। এ সময় সে অস্বাভাবিক আচরণ করে।"
গাড়–চোরা গ্রামের বাসিন্দা সানাউল্লাহ বলেন, "মোবাইল চুরির অভিযোগে আব্দুল মান্নানকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি।"
স্থানীয় রেজাউল ইসলাম, মিজানুর রহমান, ফিরোজ মুন্সীসহ এলাকাবাসীরা বলেন, একটি মোবাইল ফোন চুরির দায়ে একজন মানসিক প্রতিবন্ধীকে পিটিয়ে হত্যা করা অত্যন্ত দুঃখজনক। তারা এ ঘটনার বিচার দাবি করেন।
অভিযুক্ত দলজিতপুর গ্রামের মতিয়ার বিশ্বাসের ছেলে বিএম পল্লবের বাড়ি গিয়ে তাকে পাওয়া যায়নি।
তবে তার মা লুৎফুনেছা তার ছেলে এ ঘটনার জন্য দায়ী নয় দাবি করে বলেন, "বাজারের অন্য ছেলেরা মান্নানকে মেরেছে। আমার ছেলে দোকান বন্ধ করে ঘটনাস্থলে পৌঁছে তাদের মারতে নিষেধ করেছে।"
নড়াইলের পুলিশ সুপার এস এম ফজলুর রহমান বলেন,"বিষয়টি আমার জানা নাই। অভিযোগ পেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৮৫০ ঘ.
bdnews24