ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকায় আরো চার জন চিকিৎসককে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। এছাড়া ১১ জন চিকিৎসকের বেতন বৃদ্ধি স্থগিত ও এক দিনের বেতন কাটা হয়েছে।
বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বরখাস্ত চিকিৎসকরা হলেন- স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের প্রভাষক মেনকা পাশা, পাবনার ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জয়ন্ত প্রসাদ কর, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের সহকারী সার্জন আবেদা সুলতানা, স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা পারু ঘোষ।
দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকায় ১৯৭৯ সালের সরকারি কর্মচারী (বিশেষ বিধান) অধ্যাদেশ এর ৪(৩) ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, কর্মস্থলে অনুপস্থিত থাকায় ১১ জন চিকিৎসকের বেতন বৃদ্ধি এক বছরের জন্য স্থগিত এবং অনুপস্থিতি দিনের বেতন কাটা হয়েছে।
এরা হলেন- জামালপুরের ইসলামপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লক্সের মেডিকেল অফিসার আয়েশা সিদ্দিকা, শায়লা খন্দকার, জুলকার নঈমুল ইসলাম, এ কে এম শহিদুর রহমান, সহকারী সার্জন মোহাম্মদ ফজলুল হক, নওশিন রুবাইয়াৎ, জায়দা জালাল সরকার, জুনিয়র কনসালটেন্ট খাজা মাসুদ কবির, একই উপজেলার গোয়ালের চর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের সহকারী সার্জন মো. আসাদুজ্জামান খান, চিনাডুলি ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার মো. আলাউদ্দিন, পাথশী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সহকারী সার্জন আশরাফুল আলম।
কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকায় গত মঙ্গলবার চার জন চিকিৎসককে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/১৭৪৫ ঘ.
bdnews24