মাদারীপুর, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর সদর উপজেলায় ট্রাকের চাপায় এক নারীর মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার কলাবাড়ী বাসস্ট্যাণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাশিদা বেগম উপজেলার বাজিতপুর ইউনিয়নের মোল্লাদি গ্রামের আলী আকবরের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাশিদ বাসস্ট্যাণ্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা ঢাকা-বরিশাল মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে। এ সময় সড়কের উভয় পাশে শতাধিক যান আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়।
সদর থানার ওসি মো. মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধ তুলে নেয়। বিকাল ৩টা থেকে যান চলাচল স্বাভাবিক হয়।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫৪০ ঘ.
bdnews24