টাঙ্গাইল, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় নিজ মেয়েসহ তিন ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক স্কুলশিক্ষককে মেরে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
আহত শিক্ষকের নাম আবু তাহের (৫৭)। তিনি কালিহাতি উপজেলার গোপালদীঘি কে পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক। তাকে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাহের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার মেয়েসহ ওই বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর অন্য দুই ছাত্রীকে পাশের হাসড়া গ্রামের চৌকিদার দেলোয়ার হোসেনের ছেলে আল আমীন ও তার বন্ধুরা দীর্ঘদিন থরে উত্ত্যক্ত করে আসছিলো। ঘটনাটি অভিভাবকদের জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।
"মঙ্গলবার সকাল ৯টার দিকে ওই তিন ছাত্রী বিদ্যালয়ে যাওয়ার সময় আল আমীন ও তার সহযোগীরা তাদের পথ রোধ করে। এক পর্যায়ে তাদের চড়-থাপ্পড় মারে বখাটেরা। তাদের স্বর্ণালঙ্কারও ছিনিয়ে নেয়।"
তাহের বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গেলে মারধর করে তার বাইসাইকেলটি নিয়ে যায়।
এ বিষয়ে কালিহাতি থানার ওসি ইউনুস আলী মিয়া বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এমআই/১৮২৫ ঘ.
bdnews24