২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জন্মদিনে এবারো দেশের বাইরে শেখ হাসিনা

৬৫ বছরে পা রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত দু'বছরের মতো এবারো জন্মদিনে দেশের বাইরে রয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2011, 05:10 AM

Updated : 24 Aug 2022, 04:25 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৬৫ বছরে পা রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত দু'বছরের মতো এবারো জন্মদিনে দেশের বাইরে রয়েছেন তিনি। জন্মদিনে বুধবার সকালে নিউ ইয়র্ক থেকে দেশের পথে রওনা হচ্ছেন শেখ হাসিনা। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাওয়া প্রধানমন্ত্রী বৃহস্পতিবার দেশে ফিরবেন। দলীয় প্রধানের জন্মদিন উপলক্ষে বুধবার বিকালে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে এক আলোচনা সভার আয়োজন করেছে আওয়ামী লীগ। এছাড়াও বিভিন্ন সংগঠন শেখ হাসিনার জন্মদিন পালন করবে। শেখ হাসিনা দু'বার প্রধানমন্ত্রী এবং তিন বার বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে আওয়ামী লীগ দু'মেয়াদে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়। ১৯৯৬ সালে তার নেতৃত্বে দীর্ঘ ২১ বছর পর ক্ষমতায় আসে দলটি। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে তিন-চতুর্থাংশ আসনে বিশাল বিজয় অর্জনের মাধ্যমে ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার গঠিত হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ফজিলাতুন্নেসা মুজিবের প্রথম সন্তান শেখ হাসিনার জন্ম ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায়। তিনি ১৯৬৮ সালে বিজ্ঞানী এম ওয়াজেদ মিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি এক ছেলে (সজীব আহমেদ ওয়াজেদ) ও এক মেয়ের (সায়মা ওয়াজেদ পুতুল) জননী। ষাটের দশকে ইডেন কলেজে ছাত্রলীগের কর্মী হিসাবে হাসিনার রাজনৈতিক জীবনের শুরু। ১৯৬৬-৬৭ সালে ছাত্রলীগ থেকে ইডেন কলেজের ছাত্রী সংসদের সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী থাকাকালে ছাত্রলীগের রোকেয়া হল শাখার সাধারণ সম্পাদক ছিলেন। শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৩ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন। মুক্তিযুদ্ধের পুরো সময়ই শেখ হাসিনা মা, বোন শেখ রেহানা ও ছোট ভাই শেখ রাসেলের সঙ্গে ঢাকায় বন্দি ছিলেন। ১৯৭৫ সালের ১৫ অগাস্ট সেনাবাহিনীর একদল সদস্য সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে হত্যা করার সময় হাসিনা দেশে ছিলেন না। সে সময় তিনি স্বামী এম ওয়াজেদ মিয়ার জার্মানির কর্মসূত্রে বেলজিয়ামে অবস্থান করছিলেন। এরপর, দীর্ঘ সময় দেশে ফিরতে পারেননি শেখ হাসিনা। ১৯৮১ সালের ফেব্র"য়ারিতে হাসিনার অনুপস্থিতিতেই আওয়ামী লীগের সম্মেলনে তাকে দলীয় প্রধান নির্বাচিত করা হয়। ওই বছরের ১৭ মে দেশে ফিরে আওয়ামী লীগের দায়িত্ব নেন তিনি। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এবং অন্য রাজনৈতিক জোট ও দলগুলো ১৯৯০ সালে স্বৈরাচারবিরোধী তীব্র গণআন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে জয়ী হয়। ১৯৯৬ সালে তার নেতৃত্বেই তৎকালীন বিএনপি সরকারের পতন এবং দলীয় প্রভাবমুক্ত সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আন্দোলনে বিজয় অর্জন করে আওয়ামী লীগ। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময় প্রধান বিরোধী দলের নেতা হিসাবে শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক-গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে প্রথমে ১৪ দলীয় জোট এবং পরে মহা ঐক্যজোট গড়ে ওঠে। ১৪ দল ও মহা ঐক্যজোটের আন্দোলনের মুখে চারদলীয় জোট সরকার আমলের রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের ২০০৭ সালের ২২ জানুয়ারির একতরফা নির্বাচনের চেষ্টা ব্যর্থ হয়। ২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারি করে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন তত্ত্বাবধায়ক সরকার প্রধানের দায়িত্ব ছেড়ে দিলে সেনাবাহিনীর সমর্থনে ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসে। এর ছয় মাসের মাথায় (১৬ জুলাই) চাঁদাবাজিসহ দুর্নীতির মামলায় গ্রেপ্তার করা হয় শেখ হাসিনাকে। সংসদ ভবনে স্থাপিত বিশেষ কারাগারে প্রায় ১১ মাস বন্দি ছিলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১১০০ ঘ.