২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফ প্রধানের বান্দরবান সফর

ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক রমন শ্রীবাস্তব মঙ্গলবার বান্দরবান সফর করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2011, 01:06 PM

Updated : 24 Aug 2022, 04:24 PM

বান্দরবান, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক রমন শ্রীবাস্তব মঙ্গলবার বান্দরবান সফর করেছেন। সকাল ১১টায় হেলিকপ্টারযোগে তিনি বান্দরবান বিজিবি ব্রিগেড সদরদপ্তরে পৌঁছেন। দু'টি পর্যটন কেন্দ্র পরিদর্শন শেষে বিকাল ৫টায় চট্টগ্রামের উদ্দেশে বান্দরবান ত্যাগ করেন। বান্দরবান ৬৯ পদাতিক ব্রিগেডের মেজর সৈয়দ লোকমান হামিদ এ তথ্য দেন। তিনি বলেন, স্ত্রী অঞ্জলি শ্রীবাস্তব ও ভারতের পশ্চিমবঙ্গসহ বিএসএফ'র ৮টি সেক্টরের প্রধানসহ ২১ জন ঊর্ধ্বতন কর্মকর্তা নিয়ে এই পার্বত্য সফরে আসেন। বান্দরবান ব্রিগেড হেডকোয়ার্টারে নামার পর শহরের অদূরে বালাঘাটা এলাকায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের তীর্থস্থান বুদ্ধ ধাতু জাতি (স্বর্ণজাদি) পরিদর্শন করেন। সেখানে কিছু সময় অবস্থান এবং প্রার্থনা করেন। পরে যান শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে সেনাবাহিনী পরিচালিত নীলগিরি পর্যটন কেন্দ্রে। বিজিবি কর্মকর্তা আরো বলেন, নীলগিরিতে বিএসএফ প্রধানের সম্মানে বান্দরবানের আদিবাসীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। সফরকালে বার্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চট্টগ্রাম সেক্টর কমান্ডার কর্নেল বশিরুল ইসলাম তার সঙ্গে ছিলেন। সোমবার ঢাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু হয়েছে। এ সম্মেলনে যোগ দিতে বিএসএফ মহাপরিচালক রমন শ্রীবাস্তব ২১ সদস্যের ভারতীয় প্রতিনিধি দল নিয়ে রোববার বিকালে ঢাকা পৌঁছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০০ ঘ.