২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬ থেকে ১৬ অক্টোবর ইলিশ ধরা নিষিদ্ধ

আগামী ৬ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত প্রধান প্রজনন মৌসুমে সারা দেশে ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2011, 12:24 PM

Updated : 24 Aug 2022, 04:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ৬ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত প্রধান প্রজনন মৌসুমে সারা দেশে ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষনে ৭টি জেলার ৭ হাজার বর্গ কিলোমিটার এলাকাজুড়ে ইলিশ ধরা প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। এ সময়ে ইলিশ ধরা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। মন্ত্রী জানান, অবাধ প্রজননের সুযোগ ও ক্ষেত্র সৃষ্টি করার মাধ্যমে ইলিশের উৎপাদন বাড়ানোই এ কার্যক্রমের উদ্দেশ্য। ১১ দিন ইলিশ প্রজনন ক্ষেত্রের পাশাপাশি সারাদেশে ইলিশ আহরণ, বিপণন, কেনা-বেচা, পরিবহন এবং সংরক্ষন বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোলা, পটুয়াখালী, লক্ষীপুর, নোয়াখালী, ফেনী, চট্রগ্রাম এবং কক্সবাজার জেলার ইলিশের নিশ্চিত প্রজননের লক্ষ্যে নদী ও বাজারে অভিযান চালানো হবে। ইলিশ ধরা নিষিদ্ধ করা প্রজনন ক্ষেত্রগুলো হচ্ছে- মীর সরাই উপজেলার শাহের খাল হতে হাইতিকান্দী, তজুমুদ্দিন উপজেলার উত্তর তজুমদ্দিন থেকে পশ্চিম সৈয়দ আওলিয়া পয়েন্ট, কলাপাড়া উপজেলার লতা চাপালি পয়েন্ট এবং কুতুবদিয়া উপজেলার উত্তর কুতুবদিয়া থেকে গন্ডামারা পয়েন্ট। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে এ ব্যাপারে বৈঠক হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, জেলা প্রশাসন, কোস্ট গার্ড, নৌ বাহিনী পুলিশ ও র‌্যাব যৌথভাবে এ অভিযান চালাবে। মন্ত্রী জানান, ৭টি জেলার বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত থাকবে এবং অপরাধের ধরণ অনুযায়ী শাস্তি দেয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসইউ/১৭৩৪ ঘ.