ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেছেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (এনসিসি) নির্বাচনী এলাকায় কোনো ধরনের মিছিল-জনসভা করা যাবে না।
সোমবার আগারগাঁওয়ে কমিশনের কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচনী এলাকার মধ্যে কোনো দিবস পালনের নাম করে বা কোনো বাহানা দিয়ে মিটিং বা জনসভা করা যাবে না।
সংবাদ সম্মেলন করে বক্তব্য না রাখার জন্যও সম্ভাব্য প্রার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
কমিশনার বলেন, "কোনো বাহানা দিয়ে জনসভা করা যাবে না। এ বিষয়ে পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। তারা (সম্ভাব্য প্রার্থীরা) চাইলে মিলনায়তনে সভা করতে পারবেন।"
তিনি বলেন, এনসিসি নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রধান দুই দলের সম্ভাব্য প্রার্থীরা কৌশলে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বলে অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ৯ অক্টোবরের আগে কোনো ধরনের প্রচারণা না চালানোর জন্য বিজ্ঞপ্তি জারি করেছেন।
"ইতোমধ্যে তিন জন সম্ভাব্য মেয়র প্রার্থী এবং কয়েকজন কাউন্সিলর প্রার্থীকে সতর্ক করা হয়েছে।"
আগামী ৩০ অক্টোবর নারায়ণগঞ্জে ভোট গ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে। এর আগে ২ অক্টোবর পর্যন্ত মনোনয়ন পত্র জমা দান এবং ১২ অক্টোবর তা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে।
সাখাওয়াত হোসেন বলেন, সিটি কর্পোরেশন এলাকার বাইরেও নির্বাচনী প্রচারণা চালানো যাবে না। বাইরে কোনো এলাকায় হোল্ডিং দেখা গেলে সেগুলো ভেঙে ফেলা হবে। যার নামে বিলবোর্ড এবং যিনি এটা লাগিয়েছেন তাদের তথ্যও কর কমিশনে জানানো হবে।
"কোনো কারণে নির্বাচন সুষ্ঠু হবে না বলে মনে হলে সঙ্গে সঙ্গে নির্বাচন বন্ধ করে দেওয়া হবে। অতীতেও অনেক নির্বাচন বন্ধ করে দেওয়া হয়েছে।"
তিনি বলেন, "নির্বাচনী আচরণবিধি কঠোর ভাবে মানতে হবে। কোনো প্রার্থী যদি বলেন, আচরণবিধি জানেন না তবে তা গ্রাহ্য করা হবে না। কেননা রিটার্নিং কর্মকর্তা বা সহকারি রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে তা সংগ্রহ করতে হবে।"
নির্বাচন সুষ্ঠু করতে কমিশন সব ধরনের ব্যবস্থা নিয়েছে দাবি করে সাখাওয়াত হোসেন বলেন, "কোনো কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএইচ/পিডি/২৩৩২ ঘ.
bdnews24