নিউইয়র্ক, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) : সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সংসদীয় স্থায়ী কমিটিতে বিরোধী দল যতটুক প্রাপ্য, তার চেয়েও বেশি আসন তাদের দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মার্কিন কংগ্রেসে বাংলাদেশ ককাসের কো-চেয়ারম্যান জোসেফ ক্রাউলি রোববার নিউ ইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে তার হোটেল স্যুটে সাক্ষাত করতে গেলে শেখ হাসিনা এই কথা বলেন।
শেখ হাসিনা বলেছেন, "এবারই প্রথমবারের মতো সংসদে আসন অনুযায়ী যা পাওয়া উচিত তার চেয়ে বেশি আসন বিরোধী দলকে দিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। দু'টি সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান বিরোধী দল থেকে করা হয়েছে।"
প্রধানমন্ত্রী বলেছেন, "বিরোধী দলীয় সদস্যরা সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে নিয়মিতভাবে যোগ দিচ্ছেন এবং তাদের মতামত দিচ্ছেন। কিন্তু দুর্ভাগ্যবশত তারা সংসদ অধিবেশনে যোগ দিচ্ছে না।"
প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ জানান, বৈঠকে তারা গণতন্ত্র, বাংলাদেশে সংসদীয় চর্চা সংক্রান্ত বিভিন্ন ইস্যু এবং উন্নয়ন কর্মকান্ড নিয়ে আলোচনা করেন বলে জানিয়েছেন।
জোসেফ ক্রাউলির সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, সরকার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আন্তরিক চেষ্টা চালিয়ে যাচ্ছে। সংসদে বিরোধী দলের ভূমিকাকে গুরুত্ব দেয়া হচ্ছে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, তার সরকার এটি করেনি। দেশের উচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অবৈধ ঘোষণা করেছে।
এ প্রসঙ্গে শেখ হাসিনা আরো বলেন, "এ ক্ষেত্রে আমাদের কিছুই করার নেই। আমরা শুধুমাত্র আদালতের আদেশ মেনে চলেছি।"
নির্বাচন কমিশনকে (ইসি) শক্তিশালী করার জন্য সরকারের নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এতে করে নির্বাচন পরিচালনায় কমিশন পূর্ণাঙ্গ কর্তৃত্ব পাবে।
সরকার নির্বাচন কমিশনের কর্মকান্ডে কোনো প্রকার হস্তক্ষেপ করছে না উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ইসি সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করে যাচ্ছে।
সরকারের নীতিতে বেসরকারি খাতকে বিশেষ অগ্রাধিকার দেওয়ার বিষয়টিও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
পররাষ্ট্রমন্ত্রী দীপু মণি, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বৈঠকে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসইউ/১৬২৭ ঘ.
bdnews24