ইসলামী বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হলের পুকুরে ডুবে মারা গেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।
নিহত শামসুর রহমান আইন অনুষদের আল ফিকহ বিভাগের বিভাগের প্রথম বর্ষে পড়তেন। তিনি রংপুরের মিঠাপুকুর থানার ছড়ান ইউনিয়নের কেশবপুর গ্রামের মো. বেলাল মিয়ার ছেলে।
বঙ্গবন্ধু হলের ছাত্র শামসুর শুক্রবার সকাল ৯টার দিকে ওই হলের পুকুরেই ডুবে যান। প্রায় আড়াই ঘণ্টা খোঁজাখুজির পর সতীর্থরা পানির নিচ থেকে তার লাশ তুলে আনে।
হলের ছাত্ররা জানায়, চার বন্ধুর সঙ্গে পুকুরে নামেন শামসুর। চার জনই পুকুরের দক্ষিণ পাড় থেকে সাঁতরে উত্তর পাড়ে যাচ্ছিলেন। ওই সময় ডুবে যান শামসুর।
শিক্ষার্থী ডুবে যাওয়ার খবরে বিভিন্ন হলের শিক্ষার্থীরা উৎকণ্ঠা নিয়ে পুকুর পাড়ে ভিড় জমায়। প্রায় অর্ধশত শিক্ষার্থী পুকুরে নেমে শামসুরকে খুঁজতে থাকে।
বেলা সাড়ে ১১টার দিকে সাদ্দাম হোসেন হলের শিক্ষার্থী মাসুদুর রহমানসহ কয়েকজন লাশ তুলে আনে।
তবে শিক্ষার্থীদের অভিযোগ, ডুবে যাওয়ার পরপরই প্রশাসনকে খবর দেওয়া হলেও প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি। বরং শিক্ষার্থীরা খবর দিয়ে অগ্নিনির্বাপক বাহিনীকে আনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪২৪ ঘ.
bdnews24