চাঁদপুর, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর পৌর এলাকায় এক বৃদ্ধকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর পৌর এলাকার ১৪ নম্বর ওয়ার্ডের শিলন্দিয়া এলাকায় এই ঘটনাটি ঘটে।
নিহত আবুল বাশার চৌধুরী (৭০) মৈশাদী ইউনিয়নের কর আদায়কারী হিসেবে কর্মরত ছিলেন।
চাঁদপুর সদর মডেল থানার ওসি জাকের হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় শিলন্দিয়া এলাকার একটি মসজিদে মাগরিবের নামাজ শেষে বাড়ি ফেরার সময় কে বা কারা আবুল বাশারকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে হত্যা করে।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে তা ময়না তদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ কর্মকর্তা জাকের বলেন, "কে বা কারা কী কারণে বাশারকে হত্যা করেছে, তা পুলিশ তদন্ত করে দেখছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৪০০ ঘ.
bdnews24