২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বধ্যভূমিতে বিশেষজ্ঞ কমিটি

মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রামে বধ্যভূমি হিসেবে ব্যবহৃত পাহাড়তলীর 'জল্লাদখানা' সংরক্ষণের উদ্দেশ্যে সে স্থান পরিদর্শন করেছে বিশেষজ্ঞ কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2011, 07:41 AM

Updated : 24 Aug 2022, 04:21 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রামে বধ্যভূমি হিসেবে ব্যবহৃত পাহাড়তলীর 'জল্লাদখানা' সংরক্ষণের উদ্দেশ্যে সে স্থান পরিদর্শন করেছে বিশেষজ্ঞ কমিটি। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বধ্যভূমি পরিদর্শনে যান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশে গঠিত বিশেষজ্ঞ কমিটির সদস্যরা। একাত্তরের প্রত্যক্ষদর্শীর বক্তব্যও শোনেন তারা। পরিদর্শন শেষে সাবেক সেনাপ্রধান কে এম সফিউল্লাহ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, এ বধ্যভূমি সংরক্ষণ সারাদেশের মানুষের প্রাণের দাবি। সাত সদস্যের বিশেষজ্ঞ কমিটির অন্য সদস্যরা হলেন- গবেষক মুনতাসির মামুন, সাংবাদিক শাহরিয়ার কবির, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও কমিটির সদস্য সচিব সৈয়দ মুজিবুল হক, চট্টগ্রামের জেলা প্রশাসক ফয়েজ আহমদ, মুক্তিযুদ্ধ গবেষক ডা. মাহফুজুর রহমান ও ইউএসটিসি'র নিবন্ধক অধ্যাপক শামসুদ্দোহা। সকালে কমিটি বধ্যভূমি পরিদর্শনে গেলে স্থানীয় অধিবাসী ও মুক্তিযুদ্ধ কমান্ড কাউন্সিলের নেতারাও সেখানে যান। কমিটির কাছে ১৯৭১ সালের ১০ নভেম্বরের ঘটনার বর্ণনা দেন- কাজী আমিনুল ইসলাম, আবুল হোসেন, রাইসুল হোসেন সুজা, মাহবুবুল আলম, শহীদুল্লাহ পাটোয়ারী, সৈয়দ আনোয়ার হোসেন ও মশিউর রহমান। ঘটনা বর্ণনাকারীদের প্রত্যেকেরই পরিবারের সদস্যদের সেদিন স্থানীয় বিহারিরা হত্যা করে। তারা কমিটিকে জানান- ওই দিন কয়েকজন হাজার বাঙালিকে এ বধ্যভূমিতে গলা কেটে হত্যা করা হয়েছিলো। বেলা ৩টায় চট্টগ্রাম সার্কিট হাউজে বধ্যভূমিতে সংঘটিত হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শীদের লিখিত সাক্ষ্য নেবে বিশেষজ্ঞ কমিটি। পাহাড়তলী এলাকায় বধ্যভূমি হিসেবে পরিচিত জমিতে ২০০৭ সালে একটি ভবন নির্মাণের কাজ শুরু করে ইউনির্ভাসিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগং (ইউএসটিসি)। ২০১০ সালে একটি রিট আবেদনে ওই ভবন নির্মাণে স্থগিতাদেশ দেয় আদালত। গত ৬ জুন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক আদেশে এ কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে পাহাড়তলী বধ্যভূমির স্থান নির্ধারণ করে একটি প্রতিবেদন জমা দিতে আগামী ৯ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছে আদালত। রিট আবেদনকারীদের অন্যতম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. গাজী সালেহ উদ্দিন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৯৯৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব বধ্যভূমি সংরক্ষণের আদেশ দেন। তখন চট্টগ্রাম জেলা প্রশাসনের এক জরিপে বধ্যভূমিতে মোট এক দশমিক ৭৫ একর জমি চিহ্নিত করা হয়। কিন্তু ২০০২ সালে পাহাড়তলি বধ্যভূমির জমিটি কিনে নেয় ইউএসটিসি। পরবর্তীতে এখানে জাতীয় অধ্যাপক নুরুল ইসলামের প্রতিষ্ঠিত ইউএসটিসির অধীনে 'জিয়াউর রহমান ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন' ভবনের কাজ শুরু হয়। বর্তমানে বধ্যভূমিটির প্রবেশ পথে ইউএসটিসির ভবনটির অর্ধনির্মিত কাঠামো রয়েছে। সফিউল্লাহ সাংবাদিকদের বলেন, "২০০৭ সালে আমি এখানে এসেছিলাম। তখন এখানে এ ভবনের কোনো কাঠামো ছিলো না। "এখানে যে গণহত্যা হয়েছিলো- সবাই চায় তার স্মৃতি সংরক্ষণ হোক। দেশে কি জমির এতই অভাব যে এখানে বিশ্ববিদ্যালয় করতে হবে।" তবে এসময় উপস্থিত ইউএসটিসি'র প্রতিনিধি অধ্যাপক শামসুদ্দোহা সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, "আমার বক্তব্য কমিটির কাছে বলবো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/কিউএইচ/এমআই/১৩৩৫ ঘ.