২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোর করে হরতাল করলে পুলিশ ঠেকাবে

হরতালে আইনশৃঙ্খলা বিরোধী কর্মসূচি পালন করা হলে তা প্রতিরোধ করা হবে বলে ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2011, 07:48 AM

Updated : 24 Aug 2022, 04:03 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে আইনশৃঙ্খলা বিরোধী কর্মসূচি পালন করা হলে তা প্রতিরোধ করা হবে বলে ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। বুধবার দুপুরে সিএমপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিএমপি কমিশনার আবুল কাশেম হরতাল আহ্বানকারীদের উদ্দেশে বলেন, "সাধারণ মানুষের চলাচল ও যানমালের ক্ষতি হয় এমন কিছু করবেন না। আইন শৃঙ্খলা রক্ষায় আমরা আইনের দায়িত্ব পালন করবো। আমাদের অন্য কোনো উদ্দেশ্য নেই।" জ্বালানি তেল ও সিএনজির দাম বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। আইন শৃঙ্খলা বিরোধী কোনো কর্মসূচি পালন না করতে হরতাল আহ্বানকারী ও নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন কাশেম। তিনি বলেন, হরতাল আহ্বান করা যেমন গণতান্ত্রিক অধিকার তেমন হরতালে সাড়া দেওয়া বা না দেওয়াও মানুষের গণতান্ত্রিক অধিকার। হরতাল দিয়ে জোর করে পালন করাতে চাইলে তা হবে বেআইনী। "সাধারণ মানুষ রাস্তায় চলাচল করলে, ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখলে সেক্ষেত্রে কেউ যদি বাধা দেয় তা হবে অপরাধ। এ ধরণের ঘটনা ঘটলে তা নিরোধ করা আমাদের আইনগত দায়িত্ব", যোগ করেন পুলিশ কমিশনার। এক প্রশ্নের জবাবে কাশেম বলেন, মিছিল কতক্ষণ শান্তিপূর্ণ থাকবে এই বিষয়টি আপেক্ষিক। মিছিলের জন্য সব রাজনৈতিক ও সামাজিক সংগঠনকে সিএমপি'র পূর্বানুমতি নেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, "অনেক সময় মিছিল থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর পরিকল্পনা থাকে। গোয়েন্দা সূত্রে এ বিষয়ে তথ্য পেলে তা করতে দেওয়া হবে না।" তবে কেউ শান্তিপূর্ণভাবে মিছিল করতে চাইলে তা করতে দেওয়া হবে বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে সিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুর রহমান,উপ- কমিশনার (সদর) ফারুক আহমেদ, উপ- কমিশনার (উত্তর) আমেনা বেগমসহ উর্ধতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএ/১৩৪৪ ঘ.