চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম এক স্থানে একইসঙ্গে দুটি সেতু ভেঙে পুনর্নিমাণ শেষ করার আগেই তৃতীয় সেতুটিও ভাঙার উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।
দক্ষিণ বাকলিয়ায় সিটি কর্পোরেশনের এ 'কর্মযজ্ঞের' ফলে চরম ভোগান্তিতে পড়েছে এক লাখ ২০ হাজার অধিবাসী।
সেতুগুলোর কাজ দ্রুত শেষ করতে রোববার নগর ভবন চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে 'সচেতন বাকলিয়াবাসী' নামের একটি সংগঠন।
মানববন্ধনে বিভিন্ন এলাকাবাসীর সঙ্গে যোগ দেয় স্থানীয় দুটি বিদ্যালয়ের প্রায় দুইশ শিক্ষার্থী।
মানবন্ধন শেষে সংগঠনটির পক্ষে মেয়রের কাছে একটি লিখিত আবেদনও দেওয়া হয়।
নির্মাণ কাজ দীর্ঘায়িত করার জন্য স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের 'অসৎ' উদ্দেশ্য এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (সিসিসি) মেয়রের 'অদূরদর্শিতা' দায়ী বলে মানববন্ধনের আয়োজকরা অভিযোগ করেন।
সংগঠনের আহ্বায়ক মো. আবদুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বছরের ডিসেম্বরে দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের মাস্টার পুল ও ইসহাকের পুলের পুনঃনির্মাণ কাজ শুরু হলেও এখনো তা শেষ হয়নি।
"ওয়ার্ডের তুলাতলি ব্রিজটি মাঝ বরাবর ক্ষতিগ্রস্থ হওয়ায় যান চলাচল করতে পারে না। শুধু হেঁটে চলাচল করা যায়।"
স্থানীয় অধিবাসী মো. এনামুল হক বলেন, "সেতু না থাকায এলাকাবাসীকে পাঁচ মিনিটের পথ আধঘণ্টায় যেতে হয়।"
লিখিত আবেদনে বলা হয়, "সিসিসি একই সঙ্গে এলাকার দুটি সেতু ভেঙে ফেলায় জনসাধারণ মূল শহর থেকে বিচ্ছিন্ন জীবনযাপন করছে। অনেকে জরুরি চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে।"
আবদুল মান্নান বলেন, দুটি সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই তুলাতলি ব্রিজটি ভেঙ্গে ফেলার উদ্যোগ নিয়েছে সিসিসি। এতে ওয়ার্ডের এক লাখ ২০ হাজার অধিবাসী অবরুদ্ধ হয়ে পড়বে।
মানবন্ধনে অংশ নেওয়া বাকলিয়াবাসীরা দ্রুত সেতু দুটির নির্মাণ শেষ করার দাবি জানান এবং ১৫ দিনের মধ্যে সংস্কার ও নির্মাণ কাজে গতি না এলে আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দেন।
'তাড়াহুড়ো করে দুটি সেতু ভাঙতে হয়েছে'
সংগঠনটির নেতারা মানবন্ধন শেষে সিসিসি'র কয়েকজন কাউন্সিলর ও প্রকৌশল বিভাগের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে তারা সিটি মেয়র এম মনজুর আলমের সঙ্গে আলোচনা করেন।
এ সময় ঠিকাদার ও নগর যুবদলের সাধারণ সম্পাদক কাজী বেলালও উপস্থিত ছিলেন। ঠিকাদার ও স্থানীয়দের মধ্যে সেতু নির্মাণের কাজে ধীর গতি নিয়ে মেয়রের উপস্থিতিতেই একাধিকবার বাকবিতণ্ডা হয়।
পরে কাউন্সিলরদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
আলোচনায় প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী বলেন, "মাস্টারপুল এলাকায় ডাইভারশনটি (চলাচলের বিকল্প রাস্তা) অপ্রশস্ত। এটি বড় করা হবে। বৃষ্টি বন্ধ হলেই ইসহাকের পুলের কাজ শুরু হবে।"
"তুলাতলীতে আগামী এক সপ্তাহের মধ্যে একটি ডাইভারশন তৈরির কাজ শুরু করা হবে।"
একসঙ্গে দুটি সেতু ভেঙে ফেলা বিষয়ে মেয়র মনজুর আলম বলেন, "বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় কাজ শুরু করতে তাড়াহুড়ো করে সেতু দুটি ভাঙতে হয়েছে।"
সেতু পুনর্নির্মাণ বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন, "বর্ষার কারণে নির্মাণ কাজে বিলম্ব হয়েছে। খুব দ্রুত দুটি ডাইভারশন তৈরি করে অতিসত্ত্বর সেতু নির্মাণ কাজ শুরু করা হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/পিডি/২১৪৯ ঘ.
bdnews24