২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহ বিভাগের দাবিতে গণমিছিল

ময়মনসিংহকে বিভাগ ঘোষণাসহ ১০ দফা দাবিতে গণমিছিলের পর রোববারের রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচি সফলের ডাক দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2011, 09:28 AM

Updated : 24 Aug 2022, 04:00 PM

ময়মনসিংহ, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহকে বিভাগ ঘোষণাসহ ১০ দফা দাবিতে গণমিছিলের পর রোববারের রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচি সফলের ডাক দেওয়া হয়েছে। প্রবল বৃষ্টির মধ্যেই শনিবার ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন;র ডাকে গণমিছিলে কয়েকশ মানুষ অংশ নেয়। সকাল সাড়ে ১১টায় শহরের টাউন হল মোড় থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক হয়ে স্টেশন চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সমাবেশে নাগরিক আন্দোলনের সভাপতি আনিসুর রহমান খান বলেন, "আগামীকালের আধাবেলা অবরোধ কর্মসূচি সবাইকে শান্তিপূর্ণভাবে পালন করতে হবে।" সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান ফয়জুর রহমান ফকির, নুরুল আমীন কালাম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরজুনা কবীর, সিপিবি নেতা এমদাদুল হক মিল্লাত, মোয়াজ্জেম হোসেন বাবুল। নাগরিক আন্দোলনের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- ব্রহ্মপুত্র নদ খনন, ময়মনসিংহ পৌরসভাকে সিটি কর্পোরেশন উন্নীত করা, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসা সেবার মান উন্নয়ন, আনন্দ মোহন কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ এ অঞ্চলের সব সড়ক সংস্কার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫১১ ঘ.