২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাইসেন্স: এবার কর্মসূচি দিলো নৌমন্ত্রীর সংগঠন

বিভিন্ন মহল থেকে অদক্ষ চালকদের লাইসেন্স বাতিলের দাবির প্রতিবাদে মহাসমাবেশসহ নানা কর্মসূচি দিয়েছে নৌমন্ত্রী শাহজাহান খানের নেতৃত্বাধীন শ্রমিক সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2011, 07:48 PM

Updated : 24 Aug 2022, 03:58 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন মহল থেকে অদক্ষ চালকদের লাইসেন্স বাতিলের দাবির প্রতিবাদে মহাসমাবেশসহ নানা কর্মসূচি দিয়েছে নৌমন্ত্রী শাহজাহান খানের নেতৃত্বাধীন শ্রমিক সংগঠন। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন নামের এ সংগঠনটি আগামী ২০ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করবে, বলেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক ওসমান আলি। অদক্ষ চালকদের লাইসেন্স বাতিলে ওঠা দাবির প্রতিবাদে এ মহাসমাবেশ করা হবে বলে জানান তিনি। নৌমন্ত্রী শাহাজাহান খান ওই শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি। তার 'চাপে' যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিপুল সংখ্যক চালককে পরীক্ষা ছাড়া লাইসেন্স দিয়েছে বলে গণমাধ্যমে প্রকাশিত সংবাদে অভিযোগ করা হয়েছে। তবে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেছেন, এ সরকারের আমলে কোনো ভুয়া লাইসেন্স দেওয়া হয়নি, ভবিষ্যতেও দেওয়া হবে না। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে পরিবহন শ্রমিক ফেডারেশন আয়োজিত মানববন্ধনে ওসমান জানান, মহাসমাবেশের আগে ২৫শে সেপ্টেম্বর ঢাকাস্থ সব বাস টার্মিনালে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ, অক্টোবরের ১ম সপ্তাহে গাড়ি মিছিল এবং ১৫ তারিখ ঢাকায় পরিবহন শ্রমিকরা বিক্ষোভ মিছিল করবে। মহাসমাবেশের পর সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী পেশাজীবী জনতাসহ সর্বস্তরের জনগণের সঙ্গে মতবিনিময় করা হবে বলে জানান তিনি। মানববন্ধনে ফেডারেশন বেশ কয়েকটি দাবি উত্থাপন করে। এগুলো হলো- সরকারি উদ্যোগে চালকদের প্রয়োজনীয় শিক্ষা ও প্রশিক্ষণ, নিয়মিত সড়ক মহাসড়ক সংস্কার এবং মহাসড়ক প্রশস্ত করা, মহাসড়কে নসিমন, করিমন, ভটভটি, অটোরিক্সা প্রভৃতি ধীরগতির গাড়ি চলাচল বন্ধ করা, এক নাগাড়ে দূরপাল্লার গাড়ি চালানো বন্ধে মহাসড়কে নির্দিষ্ট দূরত্বে চালকদের জন্য বিশ্রামাগারসহ স্টপ টার্মিনালের ব্যবস্থা করা, রাস্তার পাশে হাট বাজার এবং দোকান পাট উচ্ছেদ এবং রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজ নির্মাণ এবং ব্যবহার নিশ্চিত করা। গত ১৩ অগাস্ট মানিকগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান সম্পাদক আশফাক মুনীরসহ পাঁচজনের মৃত্যুর পর চালকের লাইসেন্সের বিষয়টি আলোচনায় উঠে আসে। এ অবস্থায় যোগাযোগমন্ত্রীর পদত্যাগ দাবি করে ঈদের দিন শহীদ মিনারে অবস্থান কর্মসূচিও পালন করে 'ছাত্র-শিক্ষক-পেশাজীবী-জনতা' নামের একটি সংগঠন। চালকদের অদক্ষতার দায় সরকারের- এ মন্তব্য করে বৃহস্পতিবার ওসমান বলেন, "সকলেই জানেন বাংলাদেশে ড্রাইভারদের প্রশিক্ষণের জন্য কোনো স্বীকৃত ইন্সটিটিউশন নেই। "একটি ইন্সটিটিউশনের জন্য আমরা শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে অসংখ্যবার সরকারের কাছে দাবি জানিয়েছি, কিন্তু কোনো সরকার কর্ণপাত করেনি।" সাংসদ তারানা হালিম চালকদের 'ঘাতক' অভিহিত করেছেন দাবি করে ভবিষ্যতে এ ধরনের বক্তব্যের প্রেক্ষিতে সারা বাংলাদেশে গাড়ি চলাচল বন্ধ করে দিয়ে প্রতিবাদ জানানোর হুমকি দেন বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান। নতুন করে অদক্ষ চালকদের লাইসেন্স দেওয়া হলে এবং ইতিমধ্যে দেওয়া এ ধরনের লাইসেন্স বাতিল করা না হলে আমরণ অনশন করবেন বলে গত ২০ অগাস্ট ঘোষণা দিয়েছেন সাংসদ তারানা। বিডিউিজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/পিডি/০১৩৬ ঘ.