চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে ইউপিডিফের এক কর্মীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ৮টার দিকে পার্বত্য খাগড়াছড়ি জেলার সীমান্তবর্তী কাঞ্চন নগর গ্রামের মানিকপুরের বাটিয়াল টিলায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত নির্মল চাকমা (২৫) পার্বত্য শান্তিচুক্তিবিরোধী পাহাড়ি ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট'র (ইউপিডিএফ) কর্মী। তিনি খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ির কলিন্দ চাকমার ছেলে।
ফটিকছড়ি থানার ওসি লিয়াকত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইউপিডিএফ ও শান্তিচুক্তির পক্ষের দল জনসংহতি সমিতির (জেএসএস) মধ্যে দ্বন্দ্বের জের ধরেই নির্মল খুন হয়েছে বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে।
তিনি জানান, সকালে বাটিয়াল টিলার কাছে একটি দোকানে চা খাচ্ছিলো নির্মল। এ সময় পাঁচ-ছয় জন দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে ছুরিকাঘাত করে। নির্মল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএ/১৮১৮ ঘ.
bdnews24