ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি অবস্থার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও ছাত্র নির্যাতনের ঘটনায় আত্মপক্ষ সমর্থনে টেলিকনফারেন্সের মাধ্যমে সংসদীয় কমিটির কাছে নিজের বক্তব্য জানালেন তৎকালীন সেনাপ্রধান মইন উ আহমেদ।
শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠিত একটি উপকমিটির সঙ্গে মঙ্গলবার টেলিকনফারেন্স করেন মইন। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ টেলিকনফারেন্স চলে বলে উপকমিটির আহ্বায়ক রাশেদ খান মেননের একান্ত সচিব নাইমুল আজম জানিয়েছেন।
চার বছর আগের ওই ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখছে এ সংসদীয় কমিটি। এ জন্য একটি উপকমিটি করা হয়। উপকমিটির আহ্বায়ক মেনন সংসদীয় স্থায়ী কমিটিরও সভাপতি।
গত ২৩ আগস্ট উপকমিটির বৈঠকে টেলি কনফারেন্সের দিণ তারিখ ঠিক করা হয়। এ বিষয়ে স্পিকার আবদুল হামিদের অনুমতি নেওয়াসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে কমিটি। সংসদীয় উপকমিটির সঙ্গে এটাই প্রথম কোনো টেলিকনফারেন্স।
বৈঠকে উপকমিটির সদস্যরা ছাড়াও ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, উপউপাচার্য ও ছাত্র বিক্ষোভের সময় গ্রেপ্তার অধ্যাপক হারুণ অর রশীদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মলয় কুমার ভৌমিক ও শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী।
কমিটির সদস্যরা হলেন- শাহ আলম, মির্জা আজম ও বীরেণ শিকদার।
জিমনেসিয়ামে কয়েকজন ছাত্রের সঙ্গে সৈন্যদের তর্কাতর্কির জের ধরে ২০০৭ সালের ২০ থেকে ২৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ব্যাপক নির্যাতন চালায় পুলিশ। তখন গ্রেপ্তার করা হয় চার জন শিক্ষকসহ অনেক ছাত্রকে। বিভিন্ন মামলায় আসামি করা হয় তাদের।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ অসন্তোষের প্রকাশ ঘটে সারাদেশে ছাত্রবিক্ষোভের মাধ্যমে। ফলে পিছু হটে শিক্ষক-শিক্ষার্থীদের মুক্তি দিতে বাধ্য হয় সেনা পরিচালিত ওই তত্ত্বাবধায়ক সরকার।
সংসদীয় উপকমিটি গত বছর এ বিষয়টি নিয়ে কাজ শুরুর পর এ পর্যন্ত বিভিন্ন সেনা কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীদের বক্তব্য শুনেছে। তবে ডাকা হলেও কমিটির সঙ্গে দেখা করতে আসেননি তত্ত্বাবাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ ও মইন উ আহমেদ।
বিদেশে অবস্থানরত মইন টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য দিলে তা গ্রহণের কথা শুনে এতে সাড়া দিয়েছেন। তবে ফখরুদ্দীন এখনো এ বিষয়ে কিছু জানাননি। তবে তিনি এর আগে ই-মেইলে তার বক্তব্য পাঠালেও তা পূর্ণাঙ্গ নয় বলে মনে করছে সংসদীয় উপকমিটি।
চার সদস্যের এ উপকমিটি বিভিন্ন জনের বক্তব্য শুনে বলেছে, ২০০৭ সালের অগাস্টের ঘটনা ছিলো পরিকল্পিত এবং সংশ্লিষ্টদের বক্তব্যে ফখরুদ্দীন ও মইনকেই দায়ী করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১০১০ ঘ.
bdnews24