সাভার, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে এক মাদকাসক্ত ব্যাবসায়ী স্ত্রী ও সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ ও স্বজনরা।
তবে রঞ্জিত সরকার নামের ওই ব্যক্তির শ্বশুরবাড়ির লোকজন দাবি করছে, সম্পত্তির লোভে রঞ্জিতের ভাইয়েরা স্ত্রী ও সন্তানসহ তাকে হত্যা করেছে।
সোমবার সকালে হেমায়েতপুরের হরিণধরা মহল্লায় এ ঘটনায় নিহতরা হলেন হরিণধরা মহল্লার রঞ্জিত সরকার ওরফে বিশাল, স্ত্রী রিতা মল্লিক (২৪) এবং ছেলে শিশির সরকার (৫)।
সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে।
রঞ্জিতের বড় ভাই গোপাল সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৮টার দিকে রঞ্জিতের কক্ষ বন্ধ ও তার স্ত্রী-সন্তানকে দেখতে না পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে জানালা দিয়ে দেখতে পায় রঞ্জিতের স্ত্রী ও পুত্রের লাশ মেঝেতে এবং রঞ্জিত ঘরের মধ্যে ঝুলে আছে।
গোপাল বলেন, রঞ্জিত বেশ ধন সম্পদের মালিক। সাভার বাজার বাসস্ট্যান্ডের রাজ্জাক প্লাজায় তার একটি রেডিমেট গার্মেন্টসের দোকান ছিল। কিছুদিন আগে সে দোকানটি বিক্রি করে দেয়।
তিনি বলেন, "রঞ্জিত ছিল মাদকাসক্ত। প্রায়ই তাকে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করে চিকিৎসা দেয়া হতো।"
সাভার মডেল থানার ওসি মাহাবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর রাতে কোনো এক সময় রঞ্জিত তার স্ত্রী রিতা মল্লিককে শ্বাসরোধে আর ছেলেকে ঘাড় মটকিয়ে হত্যা করেন। কয়েকঘণ্টা পর স্ত্রীর শাড়ি দিয়ে ফাঁসিতে আত্মহত্যা করেন।
তিনি জানান, ঘটনাস্থল থেকে রঞ্জিতের লেখা একটি চিঠি উদ্ধার করা হয়েছে। সেখানে তিনি বিভিন্ন লোকের কাছে তার পাওনা প্রায় ৭০-৮০ লাখ টাকার কথা উল্লেখ করেছেন। চিঠিতে আত্মহত্যার বিষয়টিও রয়েছে বলে জানান ওসি।
এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে বলে জানান ওসি।
প্রতিবেশী জান্নাতুল নাঈম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৭টার দিকে তাদের সঙ্গে রঞ্জিতের দেখা হয়েছে।
"এরপরেই শুনতে পাই সে আত্মহত্যা করেছে। রঞ্জিত মাদকাসক্ত ছিলো। সে সব ধরনের মাদক সেবন করতো, " বলেন জান্নাতুল নাঈম।
রঞ্জিতের স্ত্রীর বড় ভাই ব্যবসায়ী সুমন মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রঞ্জিতের অনেক সম্পত্তি রয়েছে। তার পরিবারের লোকজন সবাইকে হত্যা করে সেই সম্পত্তি আত্মসাতের পাঁয়তারা করছে।"
তিনি বলেন, কিছুদিন আগেও রঞ্জিতের ভাইয়েরা রঞ্জিতকে একটি দোকান বিক্রি করতে বাধ্য করেছে। রঞ্জিত আগে মাদকাসক্ত ছিলো না। দোকান বিক্রির পর থেকে সে মাদক সেবন শুরু করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮১৭ ঘ.
bdnews24