সিলেট, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি ইউনিপেটুইউ'র চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) নয় কর্মকর্তার বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে।
রোববার সিলেটের মুখ্য বিচারিক হাকিম সৈয়দ মো. দিলজার হোসেনের আদালতে মামলাটি দায়ের করেন ইউনিপে'র গ্রাহক নগরীর পশ্চিম পীর মহল্লার বাসিন্দা এইচ এম প্রভিনুজ্জামান।
আদালত কোতোয়ালি থানার ওসিকে অভিযোগটি তদন্তের নির্দেশ দিয়েছে।
বাদীর আইনজীবী আরিফ আহমদ আবদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইউনিপেটুইউ কর্তৃপক্ষ ১০ মাসে দ্বিগুণ টাকা দেওয়ার কথা বলে প্রভিনুজ্জামানের কাছ থেকে ৫ লাখ ৯৮ হাজার ৫০০ টাকা নেয়। কিন্তু পরবর্তীতে তারা আসল ও লাভের কোনো টাকাই ফেরত দেয়নি।
ইউনিপেটুইউ বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান শহিদুজ্জামান শাহিন, ব্যবস্থাপনা পরিচালক মুনতাসির হোসেন ইমন, উপদেষ্ঠা মিটু চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল মুকিত, মহাব্যবস্থাপক জামশেদুর রহমান, সিলেট অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহিদুল ইসলাম ওরফে মামা সহিদ, ইউনিপে'র পণ্য সরবরাহকারী সালাউদ্দিন আহমদ, সিলেটের এজেন্ট আবু বক্কর সিদ্দিকী ও আসাদুজ্জামান জুয়েলকে মামলায় আসামি করা হয়েছে বলে জানান তিনি।
সিলেট চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে অধিক মুনাফার কথা বলে মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করে ইউনিপেটুইউ কর্তৃপক্ষ। পরবর্তীতে এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে সরকার ইউনিপেটুইউ'র ব্যাংক একাউন্ট জব্দ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/ডিডি/২৩১৮ ঘ.
bdnews24