সাইফুল আলম বাবু
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
পঞ্চগড়, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিকাল গড়িয়ে কেবল সন্ধ্যা নামতে শুরু করেছে। পঞ্চগড়ের পুটিমারি ছিটমহলের গৃহবধূ ফাতেমা খাতুন (৪৫) তখন ঘরে সন্ধ্যাবাতি জ্বালান। কিন্তু পরক্ষণেই তা আবার নিভিয়ে দেন।
কেন? এমন প্রশ্নে ফাতেমার চটপট উত্তর- "আইজ আর কাইল সন্ধ্যার পর থেকে হামরা বাড়িত বাতি জ্বালাবা নাহি। এ দুইদিন হামরা আন্ধারোতে রহিমো। বাংলাদেশের নাগরিক হবার তানে এইডায় হামার আন্দোলন।"
কিন্তু একবার তো বাতি জ্বালালেন? "নাহলে যে ঘরত লক্ষ্মী আসিবা না হায়," ফাতেমার সরল স্বীকারোক্তি।
ছিটমহল বিনিময় চুক্তি দ্রুত বাস্তায়নের দাবিতে 'অন্ধকারে থাকার' এক ব্যতিক্রমী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ও ভারতের ছিটমহলের অধিবাসীরা।
শনি ও রোববার সন্ধ্যার পর তারা বাতি না জ্বালিয়ে অন্ধকারে থাকবেন।
বোদা উপজেলার জেম জুট মিল সংলগ্ন পঞ্চগড়-ঢাকা মহাসড়কের দুই পাশে বসবাস ছিটমহলবাসীদের। অবস্থানগত কারণেই সাদা চোখে দেখে বোঝার উপায় নেই এটি ছিটমহল।
মহাসড়কের পাশে শিল্প প্রতিষ্ঠান ও ছোট্ট মার্কেটে আলোর ঝলকানি থাকলেও এ ছিটমহলের কয়েকটি বাড়িতে গিয়ে আলোর দেখা মেলেনি। সবাই যেন অন্ধকারের বাসিন্দা। বাড়িগুলোতে বিরাজ করছে এক ভুতুড়ে পরিবেশ।
এভাবে কেমন লাগছে জানতে চাইলে বৃদ্ধ তোতা মিয়া (৬০) বলেন, "আন্ধারেইতো এতদিন ছিলাম। এটা আর নতুন কী? জীবন-যৌবন সব চইলা গেল। মরমুও বোধ হয় আন্ধার আর অভিশাপের এই ছিটমহলে।"
ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির নেতা আবু জাকের জানান, প্রতীকী প্রতিবাদের কর্মসূচি হিসেবে অধিকাংশ বাড়িতেই শনিবার সন্ধ্যার পর থেকে আলো জ্বলছে না। স্বতঃস্ফূর্তভাবেই ছিটমহলের অধিবাসীরা এতে সাড়া দিয়েছেন বলে জানান আবু জাফর।
বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের জীবনের অন্ধকার দূর করতে আমরা অন্ধকারকেই মুক্তির পথ হিসেবে বেছে নিয়েছি। তবুও আমরা দুই দেশের সরকারের সহানুভূতি চাই। চাই ছিটমহল বিনিময়ের দ্রুত বাস্তবায়ন।"
গোলাম মোস্তফা জানান, ২ অক্টোবর থেকে পর্যায়ক্রমে মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও অনশনসহ লাগাতার কর্মসূচি পালন করা হবে।
বাংলাদেশের ভেতরে ১১১টি ভারতীয় ছিটমহল এবং ভারতের ভেতরে বাংলাদেশের ৫১টি ছিটমহল রয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের উপস্থিতিতে ঢাকায় স্থলসীমা নিয়ে একটি প্রটোকল স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে ১৯৭৪ সালের চুক্তির আওতায় ছিটমহল বিনিময় করবে দুই দেশ। এ ছাড়া দুই দেশের মধ্যে সাড়ে ৬ কিলোমিটার অচিহ্নিত সীমানা এবং অপদখলীয় ভূমি সমস্যারও সমাধান করা হবে এ প্রটোকলের আওতায়।
তবে প্রটোকলে ছিটমহল বিনিময় বিষয়ে নির্দিষ্ট সময় বা প্রক্রিয়া নিয়ে স্পষ্ট করে কিছু উল্লেখ নেই- এমন অভিযোগে দুই দেশের ছিটমহলের নাগরিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা দেখা দেয়। তাদের আশঙ্কা- বিষয়টি আবারো ঝুলে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২২৪১ ঘ.
bdnews24