ফেনী, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রিড লাইনে আগুন লাগার ২৭ ঘণ্টা পর ফেনীতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।
শনিবার ভোর পাঁচটা থেকে পুরো জেলায় আবার বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয় বলে জানান বিদ্যুৎ উন্নয়ন বোর্ড'র (পিডিবি) ফেনীর নির্বাহী প্রকৌশলী (বিতরণ) নজরুল ইসলাম।
তিনি জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে গ্রিডের ব্রেকারে ইঁদুর ঢুকে পড়লে শর্ট সার্কিট থেকে আগুন ধরে যায়। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার ভোরে পিডিবি'র প্রধান প্রকৌশলী রইস উদ্দিন আহমদ ফেনী আসেন। তার তত্ত্বাবধানে ফেনী, কুমিল্লা ও চট্টগ্রামের প্রকৌশলীরা গ্রিড লাইন মেরামত করেন।
নজরুল ইসলাম আরো জানান, মেরামতের পর শুক্রবার সকাল ৯টা থেকে শহরের কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়। শনিবার ভোর ৫টায় গোটা জেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১৩৪ ঘ.
bdnews24