২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাকচাপায় ছাত্রের মৃত্যু

নারায়ণগঞ্জে ট্রাকচাপায় কলেজ পড়–য়া ছেলের মৃত্যুর খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়েছেন তার বাবা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2011, 11:44 AM

Updated : 24 Aug 2022, 03:55 PM

নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে ট্রাকচাপায় কলেজ পড়–য়া ছেলের মৃত্যুর খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়েছেন তার বাবা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ডেমরা-আদমজী-নারায়ণগঞ্জ সড়কের সিদ্ধিরগঞ্জের পুল এলাকায় সিফাত রহমান (১৭) নামে ওই কলেজ ছাত্রকে একটি পাথর বোঝাই ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ খবর পেয়ে বেলা ১২টায় নিজ বাড়িতে স্ট্রোক হয় সিফাতের বাবা জসিমউদ্দিনের। প্রথমে জসিমের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে নিশ্চিত হওয়া গেছে, তার মৃত্যু হয়নি। সিফাত ডেমরার মাতুয়াইল এলাকার মাহবুল্লাহ কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। সিদ্ধিরগঞ্জের আজিবপুর এলাকায় তাদের বাড়ি। এ ঘটনায় বেলা সাড়ে ১১টা থেকে বিক্ষুব্ধরা ওই সড়কের বিভিন্ন স্থানে অবরোধ সৃষ্টি করে। এ সময় তারা একটি গাড়িতে অগ্নিসংযোগ ও ১০-১২টি গাড়ি ভাঙচুর করে। অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেও যান চলাচল ব্যাহত হয়। সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল আলম মোল্লা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দুপুর সাড়ে ১২টা থেকে গাড়ি চলাচল শুরু হয়েছে। অন্যদিকে মাগুরা প্রতিনিধি জানিয়েছেন, কলেজ থেকে মটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে মাগুরা-মহম্মদপুর সড়কের বেথুলিয়ায় ট্রাক চাপায় নিহত হন মোহাম্মদ ওহিদুল ইসলাম (৪৫) নামে এক কলেজশিক্ষক। ওহিদুলের বাড়ি মাগুরা শহরতলির আবালপুর গ্রামে। তিনি মহম্মদপুর আমিনুর রহমান ডিগ্রি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক। এ ঘটনার প্রতিবাদে বেলা পৌনে ১২টার দিকে মাগুরা-মহম্মদপুর সড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে ওই কলেজের শিক্ষার্থীরা। আমিনুর রহমান ডিগ্রি কলেজের প্রাক্তন ছাত্র পংকজ রায় জানান, ক্লাসশেষে বেলা পৌনে ১২টার দিকে মটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে তাদের স্যার দুর্ঘটনার শিকার হন। মহম্মদপুর থানার ওসি এসএম শামসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা জানতে পেরেছি ট্রাকটি একজন হেলপার চালাচ্ছিলো। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।" এ ঘটনায় মহম্মদপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএল/এমআই/১৯১০ ঘ.