ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু নির্মাণে দুর্নীতি প্রতিরোধে টিআইবির পক্ষ থেকে 'সততা চুক্তি'র রূপরেখা নামে কোনো প্রস্তাব দেওয়া হয়েছিল কি না এবং প্রস্তাব পাওয়া গেলে কীভাবে তার নিস্পত্তি হয়েছে- সচিবদের কাছে তা জানতে চেয়েছেন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন।
যোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মো. আবু নাছের বুধবার সাংবাদিকদের জানান, টিআইবির একটি সংবাদ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) পক্ষ থেকে সোমবার গণমাধ্যমে পাঠানো ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পদ্মা সেতু নির্মাণকে ঘিরে দুর্নীতির আশঙ্কা অনুধাবন করে টিআইবি ২০০৯ সালের জুলাই মাসে 'সততা চুক্তির রূপরেখা' শিরোনামে একটি প্রস্তাব যোগাযোগ মন্ত্রণালয়ে জমা দেয়।
এতে মন্ত্রণালয় এবং দরপত্রে অংশগ্রহণকারী পক্ষগুলোকে সম্পৃক্ত করে এ ধরনের একটি চুক্তি প্রণয়ন ও বাস্তবায়নে সহযোগিতার প্রস্তাব করা হলেও মন্ত্রণালয়ের কোনো সাড়া পাওয়া যায়নি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এ বিষয়ে বুধবার মন্ত্রীর নির্দেশনায় বলা হয়, টিআইবি থেকে এ সংক্রান্ত প্রস্তাব পাওয়া গিয়েছিল কি না, পাওয়া গেলে কি ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং কীভাবে এর নিস্পত্তি হয়েছে- তা জানাতে হবে।
বিষয়টি পরীক্ষার পর সড়ক, রেল এবং সেতু বিভাগ সচিবদের তা জানাতে বলেছেন মন্ত্রী।
এক ভোজসভায় যোগাযোগ মন্ত্রীর সঙ্গে আলোচনার ভিত্তিতে ঢাকা থেকে ওয়াশিংটনে পাঠানো যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টির একটি গোপন বার্তা গত ৩০ অগাস্ট প্রকাশ করে দেয় জুলিয়ান অ্যাসাঞ্জের হৈ চৈ ফেলে দেওয়া ওয়েবসাইট উইকিলিকস।
আবুল হোসেনের 'রেপুটেশন লেস দ্যান অনেস্ট' উল্লেখ করে ওই বার্তায় বলা হয়, "দুর্নীতির অভিযোগ এখনো যোগাযোগমন্ত্রীকে ঘিরে আছে। তিনি যে পদ্ধতিতে কাজ করেন, তার বেশ কিছু সমস্যার কথা বাংলাদেশ সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা আমাদের জানিয়েছেন। তাছাড়া চীনের সঙ্গে মন্ত্রীর ঘনিষ্ঠ যোগাযোগের বিষয়টিও সবার জানা।"
ওই তারবার্তার ভিত্তিতে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে আবুল হোসেন উইকিলিকসে প্রকাশিত নথির সত্যতা নিয়েই প্রশ্ন তোলেন।
নিজেকে 'পরীক্ষিত সৎ লোক' দাবি করে গত ৪ সেপ্টেম্বর যোগাযোগমন্ত্রী দাবি করেন, যোগাযোগ মন্ত্রণালয়ের উন্নয়ন সংক্রান্ত সব তথ্য টিআইবিতে পাঠানো হয়।
কিন্তু সোমবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবি বলেছে, "যোগাযোগ মন্ত্রণালয়ের টেন্ডার সংক্রান্ত কয়েকটি দলিল টিআইবির কাছে ঠিকই পাঠানো হয়েছে। তবে তার ভিত্তিতে পদ্মা সেতু নির্মাণের টেন্ডার প্রক্রিয়া কিংবা যোগাযোগ মন্ত্রণালয়ের কার্যক্রমের স্বচ্ছতার মূল্যায়ন করা সম্ভব নয়। এরূপ মূল্যায়ন বা সংশ্লিষ্ট প্রক্রিয়ায় স্বচ্ছতার বিষয়ে কোনো প্রকার মন্তব্য করার জন্য যে ধরনের অনুসন্ধান ও সম্পৃক্ততার প্রয়োজন সে সুযোগ টিআইবির হাতে নেই।"
এ বিষয়ে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সততা চুক্তির রূপরেখা দুর্নীতি অনুসন্ধানের একটি 'টুল'। এর মাধ্যমে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও দরপত্রে অংশগ্রহণকারী স্টেকহোল্ডারদের সম্পৃক্ত করে একটি চুক্তি প্রণয়ন ও বাস্তবায়নে সহযোগিতার প্রস্তাব দিয়েছিলাম আমরা। মূলত চুক্তির শর্ত মানা হচ্ছে কি না, চুক্তির মাধ্যমে কোনো দুর্নীতি হচ্ছে কি না- তা জানতেই এ রূপরেখা প্রস্তাব করা হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/জেকে/০১২৮ ঘ.
bdnews24