চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিরসরাইয়ের আবু তোরাবে দুর্ঘটনায় আহত তিন স্কুলছাত্রকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।
তিন শিক্ষার্থী হলেন- রায়হান উদ্দিন শুভ, নয়ন শীল ও জুয়েল বড়–য়া। তিনজনই মিরসরাইয়ের আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তারা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের বুধবার বিকালে চট্টগ্রাম থেকে বিমান যোগে ঢাকার অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়।
উন্নত চিকিৎসার জন্য পরবর্তীতে তাদের ভারতে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও চমেক হাসপাতালের পরিচালক।
গত ১১ জুলাই মিরসরাইয়ের বড়তাকিয়া-আবু তোরাব বাজার সংযোগ সড়কের সৈদালী নামক স্থানে একটি ছোট ট্রাক উল্টে ৪০ স্কুলছাত্রের মৃত্যু হয়।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে। পরবর্তীতে পরিস্থিতি কিছুটা উন্নতি হলে তাদের ভারতে নিয়ে যাওয়া হতে পারে।
তিনি বলেন, "শিক্ষার্থী নয়ন শীল বাম চোখে কম দেখছে এবং তার শরীরের বাম পাশ অবশ হয়ে গেছে। এছাড়া রায়হান ও জুয়েল মেনিনজাইটিসে ভুগছে।"
মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহমদ নিজামী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয় সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিনের আর্থিক সহায়তা ও তত্ত্বাবধানে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়া হবে।
তিনি বলেন, "ঢাকায় চিকিৎসাধীন থাকা অবস্থায় তাদের ভিসা সংক্রান্ত জটিলতা শেষ হলে ১২ সেপ্টেম্বর নাগাদ ভারতে নিয়ে যাওয়া হতে পারে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২২০০ ঘ.
bdnews24