ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সফররত ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, ভারত ও বাংলাদেশের আদর্শ অভিন্ন।
মঙ্গলবার রাতে সোনারগাঁও হোটেলে ভারতের প্রধানমন্ত্রীর সম্মানে আয়োজিত নৈশভোজে মনমোহন বলেন, "বিশ্বে গুটিকয়েক দেশ আছে যাদের আমাদের মতো অভিন্ন লক্ষ্য আছে। আমাদের ধর্মীয় বিশ্বাস, ভাষা, পোশাক ও অনুপ্রেরণার জায়গা একই।"
"ঢাকায় আসতে পেরে আমি আনন্দিত ও সম্মানিত বোধ করছি। আমি বাংলাদেশের জনগণের উষ্ণ অভিনন্দন ও বন্ধুত্বের ছোঁয়া পেয়েছি। আমার ও আমার সফরসঙ্গীদের প্রতি অসাধারণ আতিথেয়তা দেখানো হয়েছে।"
তিনি বলেন, "এটা একটি অনন্য ও বিশেষ মুহূর্ত। একটি উন্নত ভবিষ্যৎ গড়তে আমাদের যৌথ আকাক্সক্ষার প্রদর্শনী এটা।"
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, "গত বছর আপনার ঐতিহাসিক দিল্লি সফরের সিদ্ধান্তগুলোর বাস্তবায়নকে এগিয়ে নিতে আমি বাংলাদেশে এসেছি। ভারত ও বাংলাদেশের সম্পর্ক জোরদারে আপনার প্রতিশ্র"তিকে আমরা গভীরভাবে মূল্যায়ন করি।"
এ সময় হাসিনার নেতৃত্বের প্রশংসা করে মনমোহন বলেন, "মহান লক্ষ্য সামনে রেখে আপনি দেশকে নেতৃত্ব দিচ্ছেন। আত্মত্যাগ এবং বহুত্ববাদ, গণতন্ত্র ও মানবিক মর্যাদার প্রতি আপনার বিশ্বাস সারা বিশ্বে আপনাকে শ্রদ্ধেয় করে তুলেছে।"
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে এগিয়ে যাওয়ার জন্য ও তিনি হাসিনার প্রশংসা করেন।
তিনি বলেন, "বাংলাদেশ এখন আর্থ-সামাজিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। গত কয়েক বছর এদেশের অর্থনীতির ধারাবাহিক অগ্রগতি লক্ষ করা গেছে।"
"দারিদ্র্য, ক্ষুধা, নিরক্ষরতা কমানো ও রোগ মুক্তিতে আপনারা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। আমাদের আজকের আলোচনা এবং দুদেশের মধ্যে যে সব চুক্তি সই হয়েছে সেগুলো আমাদের সম্পর্ককে সামনে এগিয়ে নেবে।"
বহু বছরের সমস্যার সমাধান করা গেছে বলে উল্লেখ করে মনমোহন সিং বলেন, "আমরা সামনে এগিয়ে যাওয়ার এবং উন্নয়নে সহযোগিতার স¤প্রসারিত রূপরেখা এনেছি। বিভিন্ন খাতে সহযোগিতার সেতু বন্ধনে আমরা খোলা মনের পরিচয় দিয়েছি।"
ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী পালন হতে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঠাকুর চেয়ার, ভারতীয় পার্লামেন্টে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্র"প এবং ঢাকায় ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার প্রতিষ্ঠা দুদেশের মানুষের মধ্যে সম্পর্ক জোরদার করবে।
বাংলাদেশের অগ্রগতি ও উন্নতিতে ভারতের পূর্ণ সমর্থন রয়েছে জানিয়ে মনমোহন বলেন, " আমাদের আকাক্সক্ষা স্থিতিশীল, সুরক্ষিত ও আত্মনির্ভরশীল বাংলাদেশ দেখা। আপনাদের জাতি গঠনের প্রতিটি ক্ষেত্রে ভারত পাশে থাকবে।"
মঙ্গলবার দুপুর ১২টার দিকে একটি বিশেষ বিমানে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন মনমোহন সিং। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বিমানবন্দরে স্বাগত জানান।
দুপুর ১টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। বিকেল ৪টার পর পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি মনমোহন সিংয়ের সঙ্গে সোনারগাঁও হোটেলে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন মনমোহন। সেখানে দুদেশের মধ্যে আঞ্চলিক সহযোগিতা বিষয়ক 'রূপরেখা' চুক্তিসহ কয়েকটি বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
তবে তিস্তা ও ফেনী নদীর পানিবণ্টন বা ট্রানজিট বাস্তবায়নে দুদেশের মধ্যে সম্মতিপত্র বিনিময় হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/০২০৬ ঘ.
bdnews24