২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিলনকে তলবের আদেশ স্থগিতের আবেদন

আদালত অবমাননার অভিযোগে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনসহ ছয় জনকে তলবের আদেশ স্থগিতের আবেদন হয়েছে। এ বিষয়ে ১৩ সেপ্টেম্বর শুনানি হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2011, 01:21 PM

Updated : 24 Aug 2022, 03:54 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালত অবমাননার অভিযোগে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনসহ ছয় জনকে তলবের আদেশ স্থগিতের আবেদন হয়েছে। এ বিষয়ে ১৩ সেপ্টেম্বর শুনানি হতে পারে। মঙ্গলবার দুপুরে আবেদনটি চেম্বার বিচারপতি মো. শামসুল হুদার আদালতে উপস্থাপন করা হলে বিচারক আবেদনকারীদের আইনজীবী এস এম মুনীরকে পরবর্তী দিন আসতে বলেন। এস এম মুনীর জানান, সুপ্রিম কোর্টের চলমান অবকাশে আগামী ১৩ সেপ্টেম্বর আবার চেম্বার বিচারপতির আদালত বসবে। আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মহীউদ্দীন খান আলমগীরের করা এক আবেদনে গত ২৫ অগাস্ট মিলন এবং তার নির্বাচনী আসনের পাঁচ ভোটারকে তলব করে হাইকোর্ট। মিলনসহ অন্যদের আগামী ১৬ অক্টোবর আদালতে হাজির হয়ে 'এক কোর্টে বিচারধীন বিষয় নিয়ে অন্য কোর্টে মামলা করার' কারণ ব্যাখ্যা করতে বলা হয়। তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না- তাও তিন সপ্তাহের মধ্যে জানাতে নির্দেশ দেয় আদালত। মিলন বাদে অন্য পাঁচ বিবাদী হলেন, চাঁদপুর-১ সংসদীয় এলাকার ভোটার মো. বিল্লাল হোসেন, মাসুদে এলাহী সুবাস, খায়রুল আবেদীন স্বপন, কবির হোসেন ও মো. ইব্রাহিম। ঘাইকোর্টের ওই বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে মিলনের আইনজীবী এস এম মনিরের বিরুদ্ধেও একই ধরনের রুল জারি করেন। বিবাদীরা সোমবার এই আদেশ স্থগিতের জন্য আবেদন করলে মঙ্গলবার তা চেম্বার বিচারপতির আদালতে দাখিল করা হয়। চেম্বার বিচারপতির আদেশের পর এস এম মনির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একটি স্পর্শকাতর বিষয় হওয়ায় আদালত বিব্রত হয়েছে। আদেশের পরে সেখানে উপস্থিত অ্যাটর্নি জেনারেল ও আনিসুল হককে উদ্দেশ্য করে আদালত বলেছেন, আইনজীবীর বিরুদ্ধে কীভাবে আদালত অবমাননার রুল হয়েছে? এই বিষয়টি আপনারা আদালতের বাইরে মীমাংসার উদ্যোগ নিতে পারেন।" অবশ্য অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আদালত বিব্রতবোধ করেনি। তবে আইনজীবীর বিরুদ্ধে রুল হওয়ার বিষয়টি আদালতের বাইরে মীমাংসা করা যায় কি-না, এ রকম একটি কথা বলেছে। এটা আদেশে বলেনি, মৌখিকভাবে বলেছে।" এর আগে এই পাঁচ ভোটার এবং মিলনের দুটি রিট আবেদনে হাইকোর্টের অন্য একটি বেঞ্চ গত ২৩ অগাস্ট মহীউদ্দীন খান আলমগীর বিরুদ্ধে একটি রুল জারি করে। কোন আইনে ও ক্ষমতাবলে তিনি সংসদ সদস্য হিসেবে বহাল রয়েছেন- তা জানতে চাওয়া হয় ওই রুলে। ২৫ অগাস্ট মহীউদ্দীনের আইনজীবী ব্যরিস্টার রোকন উদ্দিন মাহমুদ আদালতে বলেন, তার আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করলে তিনি এই আদালতে আসেন। আদালত ওই প্রক্রিয়াকে স্থগিত করে দেয়। কিন্তু মিলন ও অপর পাঁচ ব্যক্তি এ বিষয়টি গোপন করে অন্য আদালতে রিট আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে পরে মিলন ও অন্য পাঁচ ভোটারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করেন মহীউদ্দীন খান আলমগীর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৯১৯ ঘ.