চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারবাজার এবং আরো দুটি প্রতিষ্ঠানে টাকা খুইয়ে ঋণ শোধে বন্ধুর ভাইয়ের বাসায় চুরি করেছে দুই যুবক।
চুরির দায়ে গ্রেপ্তার ইকবাল হোসেন চৌধুরী ওরফে মুরাদ (২৫) ও কামাল হোসেন (২৫) জানিয়েছেন তারা ঈদের পরদিন (গত ১ সেপ্টেম্বর) ওই চুরি করেন।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার সম্মেলন কক্ষে তারা সাংবাদিকদের জানান, বিভিন্ন জনের কাছ থেকে ধার নিয়ে তারা প্রায় ২২ লাখ টাকা শেয়ারবাজার, ইউনিপে২ইউ ও স্পিক এশিয়ায় বিনিয়োগ করেন। বিনিয়োগের পর সেই অর্থ তারা তুলে আনতে পারেননি।
এ কারণে ধার শোধ করতে বাল্যবন্ধুর বড় ভাইয়ের বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করেন তারা।
গত দুইদিনে নগরীর চকবাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে নগর গোয়েন্দা ও কোতয়ালী থানা পুলিশের যৌথ দল।
গ্রেপ্তারের পর তাদের স্বীকারোক্তির ভিত্তিতে ৩৫ ভরি স্বর্ণালংকার, নগদ ৮০ হাজার টাকা, একটি ল্যাপটপ, দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অভিযানে অংশ নেওয়া গোয়েন্দা পুলিশের পরিদর্শক সদীপ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গ্রেপ্তার হওয়া দুইজনই নগরীর মহসিন কলেজ থেকে øাতক পাস করেছে। বিভিন্ন জনের ধার পরিশোধ করতে এ ঘটনা ঘটিয়েছে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে।"
তিনি জানান, দুই যুবক ঘরের গৃহকর্তা মঈনুদ্দিনের পূর্ব পরিচিত। তার ছোটভাই সাইফুদ্দিনের বাল্যবন্ধু হিসেবে বাসায় নিয়মিত যাওয়া আসা করতেন।
দুই যুবক জানান, ঈদের পরদিন রাত ৮টার দিকে বন্ধুর বড়ভাই ও তার পরিবারের সদস্যরা বেড়াতে যায়। এ সুযোগে বাসায় ঢুকে আলমারি খুলে চুরি করেন।
পূর্ব পরিচিত হওয়ার সুযোগে ঘরের দরজার নকল চাবি তৈরি করে এ চুরি করেন বলে তারা জানান।
বন্ধুর ভাইয়ের ঘরে কেন চুরি জানতে চাইলে ইকবাল বলেন, "শেয়ার বাজার, ইউনিপে২ইউ ও স্পিক এশিয়ায় টাকা হারিয়ে হতাশ হয়ে দুই বন্ধু মিলে এ কাজ করেছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/১৮৫৩ ঘ.
bdnews24