চাঁপাইনবাবগঞ্জ, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর গোদাগাড়ি উপজেলার সাঁওতাল বিধবা মরিয়ম মুর্মুকে ধর্ষণের পর হত্যার বিচারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জেলা সদরে মানববন্ধন-সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
মঙ্গলবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ বিভিন্ন শ্রেণী-পেশার সহস্রাধিক মানুষ অংশ নেয়। পরে তারা শহরে বিক্ষোভ মিছিল করে।
গত ১০ জুলাই গভীর রাতে উপজেলার শিমলাদীঘি পাড়া গ্রামে সাঁওতাল বিধবা মরিয়ম মুর্মুকে দুর্বৃত্তরা বাড়ি থেকে ধরে নিয়ে ধর্ষণের পর হত্যা করে গাছে ঝুলিয়ে রাখে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
মানববন্ধনের সময় সমাবেশে মরিয়ম মুর্মুর ছেলে উইলসন মারান্ডি বলেন, "আমার মাকে যারা হত্যা করেছে এবং যারা মদদ দিয়েছে তাদের প্রত্যেকের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।"
'উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম' চাঁপাইনবাবগঞ্জের সভাপতি হিংগু মুর্মুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের নেতা কর্নেলিয়াস মুর্মু, শ্যামল সরেণ, প্রভাত টুডু, নিহত মরিয়ম মুরমুর ছেলে উইলসন মারান্ডি, শহরের শাহ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মোস্তফা মন্টু, দৈনিক প্রথম আলোর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আনোয়ার হোসেন দিলু, জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির ও সমাজ কর্মী গোলাম রশিদ প্রমুখ।
বক্তারা অবিলম্বে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
আদিবাসী পারগানা পরিষদ, দিঘোরী পরিষদ, বাইসি পরিষদ ও উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম- চাঁপাইনবাবগঞ্জ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৬৫০ ঘ.
bdnews24