গাজীপুর, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে বিরোধীদলীয় চিপ হুইপ জয়নুল আবদিন ফারুকের মেয়ের পোশাক কারখানা থেকে ডাকাতি হওয়া বেশকিছু মালামাল উদ্ধার করেছে পুলিশ।
রোববার রাতে গাজীপুর সদরের কোনাবাড়ীর জনৈক মিজানুর রহমান মিজানের গুদাম থেকে ৮৪ বস্তায় ভরা পাঁচ টন গ্রে ফ্যাব্রিক্স ও তিন টন ফিনিশড নিট ফ্যাব্রিক্স উদ্ধার করা হয়।
এর আনুমানিক মূল্য ৪১ লাখ টাকা বলে পুলিশ জানিয়েছে।
বৃহস্পতিবার গভীর রাতে গাজীপুর সদর উপজেলার ভবানীপুরের বানিয়ারচালায় অবস্থিত তামান্না ফারুক সীমার 'বিজি কালেকশন' থেকে ডাকাতরা একটি ল্যাপটপ, একটি কম্পিউটার ও ফেব্রিকসসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুট করে।
ঘটনার পরদিন কারখানার পরিচালক মো. আসাদুজ্জামান জয়দেবপুর থানায় একটি মামলা করেছেন। কারখানার নিরাপত্তারক্ষীসহ ১১জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মালামল উদ্ধারের ঘটনায় সোমবার দুপুর ১২টার দিকে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে গাজীপুরের পুলিশ সুপার আব্দুল বাতেন, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবুল হোসেন, জয়দেবপুর থানার ওসি কামরুজ্জামান, ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
মামলার তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, মালামাল উদ্ধার হওয়া গুদামটির মালিক মিজান বিভিন্ন সময় কম মূল্যে ডাকাতির মালামাল কিনে থাকেন বলে অভিযোগ রয়েছে।
লুটের মালামাল কেনার ঘটনায় তার বিরুদ্ধে গাজীপুরের জয়দেবপুর থানায় দুইটি এবং নারয়ণগঞ্জের ফতুল্লা থানায় দুইটি মামলা রয়েছে। ওইসব মামলায় মিজান এখন জামিনে আছেন।
গাজীপুর (সদর সার্কেলের) সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট মো. আবুল হোসেন জানান, ডাকাতির ঘটনায় লিখন, সেলিম, হায়দার আলী, আব্দুর রশিদ, কামরুজ্জামান, নুরুল ইসলাম, আবুল কাসেম, জসিম উদ্দিন, আজিজুল হক, শাহজাহান মিয়া ও আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।
এরমধ্যে প্রথম দু'জন ছাড়া বাকিরা ওই কারখানার নিরাপত্তরক্ষী।
বৃহস্পতিবার রাত ৩টার দিকে ৩৫-৪০ জন ডাকাত ঢুকে নিরাপত্তা কর্মীদের হাত-পা বেঁধে ল্যাপটপ, কম্পিউটার ও ফেব্রিক্স নিয়ে যায়। রাত ৩টা থেকে শুক্রবার ভোর সোয়া ৫টা পর্যন্ত ডাকাতি চলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৩৬ ঘ.
bdnews24