২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদক আইনের ২ ধারা নিয়ে প্রশ্ন আদালতের

সরকারদলীয় সাংসদের রিটের প্রেক্ষিতে হাইকোর্ট সরকারের কাছে জানতে চেয়েছে, দুদক আইনের দুটি ধারা কেন বেআইনি ও সংবিধান-পরিপন্থী ঘোষণা হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2011, 04:39 PM

Updated : 24 Aug 2022, 03:53 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারদলীয় সাংসদের রিটের প্রেক্ষিতে হাইকোর্ট সরকারের কাছে জানতে চেয়েছে, দুদক আইনের দুটি ধারা কেন বেআইনি ও সংবিধান-পরিপন্থী ঘোষণা হবে না। বিচারপতি বজলুর রহমান ও এম ইনায়েতুর রহিমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি অবকাশকালীন বেঞ্চ সোমবার দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনের ২৬(২) ও ২৭(১) ধারা বিষয়ে এ রুল জারি করেছে। একইসঙ্গে ওই সাংসদ ও তার স্ত্রীর বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন ও আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলা কেন অবৈধ ঘোষণা করা হবে না তাও জানতে চেয়েছে আদালত। আগামী তিন সপ্তাহের মধ্যে সরকার ও দুদকসহ সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। ক্ষমতাসীন দলের সাংসদ আব্দুল মান্নান ও তার স্ত্রী সাহাধারা মান্নানের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন ও আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদক গত ৪ জুলাই রমনা মডেল থানায় মামলা করে। গত ২৫ অগাস্ট তারা হাইকোর্টে রিট দুটি দায়ের করেন। রিট আবেদনে বলা হয়, আয়কর অধ্যাদেশের ১২৮ ধারা অনুযায়ী কেউ সম্পদের তথ্য গোপন করলে ১০ শতাংশ জরিমানা দিয়ে ওই সম্পদ কর তালিকাভুক্ত করতে পারেন। অথচ দুদক আইনে এর জন্য কারাদণ্ডের বিধান করা হয়েছে- এটা অবৈধ। রিট আবেদনকারীদের আইনজীবী এস এম জহিরুল ইসলাম বলেন, "দুদক আইনের এই দুই ধারার কারণে আমার মক্কেলদের আয়কর অধ্যাদেশের ১০ শতাংশ জরিমানার সুযোগ না দিয়েই মামলা করা হয়।" দুদক আইনের ২৬(২) ধারায় সম্পদের বিষয়ে ভিত্তিহীন ও মিথ্যা তথ্য দেওয়ার কারণে তিন বছর করাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ডের কথা বলা আছে। আর ২৭(১) ধারায় জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন বিষয়ে বলা হয়েছে। এক্ষেত্রে সর্বোচ্চ ১০ বছর এবং সর্বনিম্ন তিন বছর পর্যন্ত যেকোনো মেয়াদে কারাদণ্ড, অর্থদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্তের বিধান আছে। আদালতে শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ওই আাদালতের সরকারি আইন কর্মকর্তা ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার ও দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান। একই অভিযোগে গত ৪ মে সহকারী রাজস্ব কর্মকর্তা দেলোয়ার হোসেন, তার স্ত্রী ফেরদৌস আরা বেগম ও ছেলে মনজুর মোর্শেদের বিরুদ্ধে পল্টন থানায় মামলা করে দুদক। এই মামলার পর তাদের করা পৃথক দুটি রিট আবেদনে হাইকোর্টের অন্য একটি বেঞ্চ একই মর্মে গত ১৯ জুলাই রুল জারি করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২১৪১ ঘ.