২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে ইডিএলের বিক্ষোভ, গ্রেপ্তার ৬০

লন্ডনে টাওয়ার হ্যামলেটসে ব্রিটেনের উগ্রপন্থী বর্ণবাদি সংগঠন ইংলিশ ডিফেন্স লিগের (ইডিএল) বিক্ষোভের জের ধরে কমপক্ষে ৬০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2011, 03:05 PM

Updated : 24 Aug 2022, 03:53 PM

সৈয়দ নাহাস পাশা লন্ডন থেকে লন্ডন, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লন্ডনে টাওয়ার হ্যামলেটসে ব্রিটেনের উগ্রপন্থী বর্ণবাদি সংগঠন ইংলিশ ডিফেন্স লিগের (ইডিএল) বিক্ষোভের জের ধরে কমপক্ষে ৬০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে বিক্ষোভের সময় ১৬ জন এবং বিশৃঙ্খলায় জড়িত সন্দেহে পরে একটি বাস থেকে বাকি ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়। শনিবার পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসে বিক্ষোভ সমাবেশে এক হাজারের বেশি ইডিএল সমর্থক জড়ো হয়। অন্যদিকে বর্ণবাদ বিরোধী কয়েক হাজার সমর্থক বাঙালি অধ্যুষিত এলাকা হোয়াইটচ্যাপেল রোড ও এর আশেপাশে অবস্থান নেয়। উদ্ভূত পরিস্থিতিতে ওই এলাকায় মোতায়েন করা হয় দাঙ্গা পুলিশসহ তিন হাজার পুলিশ। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই এলাকায় ইডিএলের মিছিল-সমাবেশ নিষিদ্ধ করা হয়। এর আগে বিগত ৩০ বছরে লন্ডনে কোনো মিছিলে নিষেধাজ্ঞা জারি করা হয়নি। তবে এর মধ্যেও বিক্ষোভ দেখায় ইডিএল সমর্থকরা। পাশাপাশি তারা পুলিশ সদস্যদের লক্ষ্য করে বোতল, গ্লাস নিক্ষেপ করে। এ সময় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুলিশ দুই পক্ষকে আলাদা করে রাখায় বড় ধরনের কোনো অঘটন ঘটেনি। তবে ইডিএলের প্রতিষ্ঠাতা স্টিফেন লেনন নকল দাড়ি লাগিয়ে সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। বিকেলে সংগঠনটির সমর্থকদের তাড়া করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পরে ইডিএল সমর্থকরা ফিরে যাওয়ার সময় হোয়াইটচ্যাপেলের কাছে স্টেপনি গ্রিনে একটি বাস থেকে পথচারি বাঙালিদের গালিগালাজ করতে থাকলে সংঘর্ষ হয়। এ সময় পুলিশ ৪৪ জন ইডিএল সমর্থককে গ্রেপ্তার করে। সা¤প্রতিক লন্ডন দাঙ্গার পর পুলিশের জন্য ইডিএলের সমাবেশে শান্তি-শৃংখলা বজায় রাখা ছিলো অন্যতম চ্যালেঞ্জ। এজন্য বিভিন্ন পুলিশ ফোর্স থেকে কর্মকর্তাদের নিয়ে আসা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২০৪২ ঘ.