২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদীর কর ফাঁকি মামলার অভিযোগ গঠন পিছিয়েছে

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে কর ফাঁকির মামলায় অভিযোগ গঠনের শুনানি নবমবারের মতো পিছিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2011, 06:52 AM

Updated : 24 Aug 2022, 03:54 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে কর ফাঁকির মামলায় অভিযোগ গঠনের শুনানি নবমবারের মতো পিছিয়েছে। সাঈদীর প্রধান আইনজীবী না থাকায় সোমবার ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোজাম্মেল হোসেন আগামী ১৫ সেপ্টেম্বর শুনানির পরবর্তী দিন ঠিক করেছেন। আদালকে সময়ের আবেদনে সাঈদীর আইনজীবীরা বলেন, তাদের প্রধান আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দেশের বাইরে রয়েছেন। তিনি ফিরে আসা পর্যন্ত শুনানি মুলতবি রাখা হোক। ৫৬ লাখ ৪৬ হাজার ৮১২ টাকা কর ফাঁকি দেওয়ার অভিযোগে গত বছরের ১৯ অগাস্ট সাঈদীর বিরুদ্ধে মামলাটি করেন জাতীয় রাজস্ব বোর্ডের উপ কর কমিশনার মাসুমা খাতুন। সাঈদীকে ২০১০ সালের ৩০ জুন গ্রেপ্তার করা হয় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার একটি মামলায়। পরে যুদ্ধাপরাধের অভিযোগেও তাকে গ্রেপ্তার দেখানো হয়। একাত্তরের যুদ্ধাপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ আদালতেও সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। এদিকে সোমবার সাঈদীর মতো সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের কর ফাঁকির একটি মামলায়ও অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। বাবরের আইনজীবীদের সময়ের আবেদনে ঢাকার মহানগর বিশেষ জজ রেজাউল ইসলাম আগামী ২৭ অক্টোবর অভিযোগ গঠনের নতুন তারিখ ঠিক করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১২৪১ ঘ.