২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নথির সত্যতা নিয়ে সন্দিহান আবুল হোসেন

উইকিলিকসে প্রকাশিত গোপন কূটনৈতিক নথিতে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের সততা নিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের যে মূল্যায়ন বেরিয়ে এসেছে তা 'সত্য নয়' বলেই মনে করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2011, 05:30 AM

Updated : 24 Aug 2022, 03:53 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উইকিলিকসে প্রকাশিত গোপন কূটনৈতিক নথিতে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের সততা নিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের যে মূল্যায়ন বেরিয়ে এসেছে তা 'সত্য নয়' বলেই মনে করেন তিনি। মহাসড়কের নাজুক পরিস্থিতির কারণে স¤প্রতি ঘরে-বাইরে সমালোচনার মুখে পড়া এই মন্ত্রী রোববার যোগাযোগ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে উইকিলিকসে প্রকাশিত নথি প্রসঙ্গে নিজের অবস্থান ব্যাখ্যা করেন। তিনি বলেন, "উইকিলিকসে যা প্রকাশ পেয়েছে তা সত্য নয়।" "আমি ইন্টারনেটে পড়েছি। সেখানে লেখা আছে 'লেস দ্যান অনেস্ট'। এটা যদি মরিয়ার্টির কথা হয়ে থাকে- তিনি তো বেঁচে আছেন। আর আমেরিকার দূতাবাসও আছে। টেস্টিফাই করলেই বোঝা যাবে- কোনটা সত্য," যোগ করেন মন্ত্রী। প্রায় দেড় লাখ নতুন কেবলের সঙ্গে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টির পাঠানো একটি গোপন বার্তা গত ৩০ অগাস্ট প্রকাশ করে দেয় জুলিয়ান অ্যাসাঞ্জের হৈ চৈ ফেলে দেওয়া ওয়েবসাইট উইকিলিকস। আবুল হোসেনের 'রেপুটেশন লেস দ্যান অনেস্ট' উল্লেখ করে ওই বার্তায় বলা হয়, "দুর্নীতির অভিযোগ এখনো যোগাযোগমন্ত্রীকে ঘিরে আছে। তিনি যে পদ্ধতিতে কাজ করেন, তার বেশ কিছু সমস্যার কথা বাংলাদেশ সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা আমাদের জানিয়েছেন। তাছাড়া চীনের সঙ্গে মন্ত্রীর ঘনিষ্ঠ যোগাযোগের বিষয়টিও সবার জানা।" মরিয়ার্টি এ ধরনের কথা আদৌ বলেছেন কি না- তা নিয়ে সন্দেহ প্রকাশ করলেও আবুল হোসেন বলেন, "তারও মত প্রকাশের স্বাধীনতা আছে।" যোগাযোগ মন্ত্রী প্রশ্ন রাখেন, "যদি এ রিপোর্ট সত্যি হয়, তাহলে তারা কোন মাপকাঠিতে সততা পরিমাপ করলো?" উইকিলিকসে প্রকাশিত ওই বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর জন্য কাজের অনেক সুযোগ আছে- এ বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করে ঢাকায় একটি উড়াল সড়ক (এলিভেটেড এক্সপ্রেসওয়ে) নির্মাণে আমেরিকার সহযোগিতা প্রত্যাশা করেন যোগাযোগমন্ত্রী। গতবছর ১০ ফেব্র"য়ারি ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে পাঠানো ওই বার্তায় মরিয়ার্টি বলেন, "যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি আওয়ামী লীগের ভোট নিশ্চিত করার মিশন সফল করতে মন্ত্রী দৃঢ়প্রতিজ্ঞ। তিনি যেসব বড় বড় অবকাঠামো প্রকল্পের কথা বলেছেন, তাতে যুক্তরাষ্ট্রের জন্যও ব্যবসার বিপুল সুযোগ রয়েছে। ঢাকা দূতাবাস এই সুযোগের বিষয়টি প্রচার করার পাশাপাশি আগ্রহী মার্কিন কোম্পানিগুলো যাতে বৈধ ও স্বচ্ছতার সঙ্গে এসব কাজ পেতে পারে, সেই চেষ্টা করবে।" 'রটে যা তা সব সত্য নয়' সংবাদ সম্মেলনের শুরুতেই যোগাযোগমন্ত্রী কবিতা থেকে উদ্ধৃত করেন- 'রটে যা তা সব সত্য নয়'। তিনি বলেন, "আমি সত্য ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছি ,তার জয় হবেই।" বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) পাঁচ বার তদন্ত করেও তার বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ পায়নি বলে দাবি করেন আবুল হোসেন। তিনি বলেন, "আমি পরীক্ষিত সৎ লোক, দুদক আমাকে সার্টিফিকেট দিয়েছে, তখনতো কেউ আমাকে ফুলের মালা দিয়ে সংবর্ধনা দেয়নি। কোন গণমাধ্যম আমার ছবি দিয়ে খবর প্রকাশ করেনি। কিন্তু উইকিলিকসে প্রকাশিত ঘটনাটি নানা ব্যঙ্গচিত্র ও রস দিয়ে ছাপিয়ে দিয়েছে।" উন্নয়ন সংক্রান্ত সব তথ্য ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশকে (টিআইবি) পাঠানো হয় জানিয়ে মন্ত্রী বলেন, "আমার কাজ সব সময় স্বচ্ছ রাখতে চাই।" কোনো সংবাদ প্রকাশ করে ধূম্রজাল তৈরি করা ঠিক নয়- এমন মন্তব্য করে আবুল হোসেন বলেন, ইউকিলিকসের তথ্য ঠিক কিনা তা আমেরিকা দূতাবাসের সঙ্গে কথা বলে প্রকাশ করা উচিত ছিল। সরকার ও যোগাযোগ মন্ত্রীকে বিব্রত এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতেই এ সংবাদ প্রকাশ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। "যারা এই বার্তা দিয়েছে তারাই ষড়যন্ত্র করেছে," যোগ করেন আবুল হোসেন। এ ব্যাপারে যুক্তরাষ্ট্র দূতাবাসে কোনো প্রতিবাদ পাঠানো হবে কি না- এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "এ প্রতিবেদনটি আমেরিকান দূতাবাস করেছে কিনা তাই তো জানি না, প্রতিবাদ দেওয়ার প্রশ্ন আসে না।" ' পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি নেই' পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়নকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগে কানাডায় এসএনসি-লাভালিন গ্র"প নামের এক প্রতিষ্ঠানের কর্মীদের বিরুদ্ধে তদন্ত শুরুর বিষয়ে পত্রিকায় প্রকাশিত খবরে দৃষ্টি আকর্ষণ করা হলে যোগাযোগ মন্ত্রী বলেন, "এখন পর্যন্ত এ প্রকল্পের জন্য কেবল সংযোগ সড়কের দরপত্র হয়েছে। কোনো কার্যাদেশ দেওয়া হয়নি। মূল সেতুসহ অন্য কোনো কাজের দরপত্র প্রক্রিয়াও চূড়ান্ত হয়নি। এ অবস্থায় দুর্নীতির প্রশ্ন অবান্তর।" "এ প্রকল্পের স্বচ্ছতার জন্য বিশ্বব্যাংকের পাশাপাশি বাংলাদেশ সরকারও সচেতন," যোগ করেন তিনি। অবশ্য সেতু বিভাগের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পদ্মা সেতু প্রকল্পের তদারকি প্রতিষ্ঠান নির্বাচনে তৈরি হওয়া সংক্ষিপ্ত তালিকায় এসএনসি-নাভালিনের নাম রয়েছে। বিশ্ব ব্যাংকও জানিয়েছে, তদন্তের অংশ হিসেবে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ শুক্রবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। এ প্রকল্পে বাংলাদেশকে ১২০ কোটি ডলার ঋণ দিচ্ছে বাংলাদেশ। রোববার সংবাদ সম্মেলনে যোগাযোগমন্ত্রী জানান, পদ্মা সেতু প্রকল্পের বিষয়ে বিশেষজ্ঞ জামিলুর রেজা চৌধুরী, আইনুন নিশাত ও বিশ্বব্যাংকের ড. দাউদ দরপত্র মূল্যায়ন প্রক্রিয়ায় কাজ করছেন। অন্যদের মধ্যে সড়ক বিভাগ সচিব মোজ্জামেল হক খানসহ যোগাযোগ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরএ/জেকে/১৫৩৩ ঘ.