রংপুর, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর সদর উপজেলার পাগলাপীর এলাকায় দুই ব্যবসায়ীর লাশ পাওয়া গেছে।
এ ঘটনার জেরে প্রায় তিনঘণ্টা রংপুর-দিনাজপুর সড়ক অবরোধ করেছে বিক্ষুদ্ধ জনতা।
বৃহস্পতিবার সকাল ৮টায় পাগলাপীরের উলাসু এলাকায় দু'টি লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
কিন্তু পুলিশ না আসায় বেলা সাড়ে ১১টার দিকে পরিবারের লোকজন লাশ নিয়ে যায়।
নিহতরা হলেন সদর উপজেলার কুটিয়ালপাড়া হাজিরহাটের মমিনুল ইসলাম (৩৮) ও পাশের বাটিযাপাড়া গ্রামের আব্দুস সালাম (৩২)।
তারা তামাক ব্যবসায়ী। এছাড়া মাঝেমধ্যে ধান-চালের ব্যবসাও করতেন।
নিহত মমিনুলের চাচাতো ভাই শাহাবউদ্দিন ও সালামের ছোটভাই মমতাজ উদ্দিন সাংবাদিকদের জানান, বুধবার রাত ৯টার দিকে তারা পাগলাপীর বাজারে গিয়ে রাতে আর বাড়ি ফেরেননি। সম্ভাব্য সব জায়গায় খুঁজেও তাদের পাওয়া যায়নি।
বৃহস্পতিবার সকাল ৮টায় উলাসু এলাকায় তাদের জবাই করা লাশ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
কিন্তু তিনঘণ্টা পরও পুলিশ না আসায় নিহতের পরিবারের সদস্যরা সকাল ১১টার দিকে লাশ বাড়ি নিয়ে যায়।
এলাকাবাসী জানায়, দুই ব্যাবসায়ী খুন হওয়া এবং পুলিশের দায়িত্বহীনতায় বিক্ষুব্ধ এলাকাবাসী দুপুর সাড়ে ১২টায় রংপুর-দিনাজপুর সড়ক অবরোধ করে।
এসময় তিনটি যাত্রীবাহী বাসে ব্যাপক ভাংচুর চালায় জনতা। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রংপুরের পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) সালেহ মোহাম্মদ তানভীর ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু হবে। ঘটনাস্থলে পুলিশের দেরিতে পৌঁছার বিষয়টিও তদন্ত করে দেখা হবে বলে জানান এসপি।
এদিকে বেলা সাড়ে ১১টার দিকে কোতোয়ালী থানার ওসি (তদন্ত) পৃথিশ চন্দ্রের নেতৃত্বে একদল পুলিশ নিহত ব্যবসায়ী সালামের বাড়ি যায়।
তিনি সাংবাদিকদের জানান, একটি লাশ দেখলাম আরেকটি এখনো দেখতে পারিনি। সালামকে জবাই করে হত্যা করা হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯৩০ ঘ.
bdnews24