সায়েদুল ইসলাম তালাত
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় দেড়যুগ পর স্বজনদের সঙ্গে ঈদ করছেন রাজবাড়ীর পাংশা উপজেলার ফয়জুদ্দিন আলী (৮০)।
সোমবার দেশের আরো ১২৫ জন কারাবন্দির সঙ্গে তিনিও রাষ্ট্রপতির বিশেষ ক্ষমায় মুক্তি পেয়েছেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফটক থেকে বেরিয়ে মোনাজাত করেন ফয়জুদ্দিন। কারাগারের সামনে দাঁড়ানো ছেলে আর ভাইয়ের সঙ্গে মিলিত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন এই বৃদ্ধ।
একটি হত্যা মামলায় ১৯৯৫ সালে ফয়জুদ্দিন কারাগারে যান। ওই মামলায় আরো পাঁচজনের সঙ্গে তারও ২০ বছর কারাদ- হয়। এরইমধ্যে পার হয়েছে ১৬ বছর কারাবাস।
তিনি বলেন, "এতগুলান বছর একলা একলা থাকলাম। জেলে থাকতেই বউ মইরা গেল, একটা মাইয়া মইরা গেল। একটু ভুলের জন্যে কতগুলো দিন হারাইলাম। আল্লার কাছে শোকর, শেষ বয়সে ছাওয়ালপানের সাথে কাটাইবার সুযোগ দিছেন।"
ফয়জুদ্দিনের ছেলে জব্বার আলী বলেন, "আগে ঈদের সময় জেলখানায় সেমাই জর্দ্দা নিয়ে আব্বার সাথে দেখা করতাম। কিন্তু তারে ছাড়া ঈদ জমত না। এইবার সবাই মিলে আনন্দে ঈদ করতে পারুম।"
সোমবার কারাগার থেকে মুক্তি পেয়েছেন শরীয়তপুরের বৃদ্ধ রহমত আলীও (৬৫)।
মেয়েকে উত্ত্যক্ত করায় তিনি এলাকার মাতবরের ছেলেকে ধাওয়া করে দা দিয়ে কুপিয়েছিলেন। এজন্য তার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা হয়। তবে ১৪ বছর সাজা হলেও সাত বছর পার হওয়ার পর তিনি মুক্তি পেলেন।
আগে থেকেই অ্যাজমার সমস্যা ছিল তার। কারাগারে দুবার হৃদরোগে আক্রান্ত হয়েছেন। অসুস্থ বিবেচনায় তাকে ক্ষমা করা হয়েছে।
রহমত আলী বলেন, "সাতটা বছর জীবনে ঈদ বইলা কিছু ছিল না। মাইয়া পোলারে একটু আদর করতেও পারি নাই। কাউরে কিছু দিতে পারি নাই। শরীরের অবস্থাও বেশি ভালো না। কতদিন বাঁচব জানি না। আল্লাহ অন্তত শেষ জীবনটা পরিবারের সঙ্গে কাটানোর সুযোগ দিলেন।"
ঈদ উদযাপনের জন্য তিনি জেলখানার তৈরি পাঞ্জাবি ও গামছা কিনেছেন।
একটু চিন্তিতভাবে রহমত বলেন, "এতবছর পর গ্রামে যাইতাছি, জেলখাটা আসামি। জানি না গ্রামের মানুষ কেমনে নিব।"
তাকে নিতে এসেছেন স্ত্রী, মেয়ে, ছেলে, মেয়ের স্বামী, দুই বছরের নাতনি। সবার উপস্থিতিতে কারাগারের সামনে একটি আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
তবে চুয়াডাঙ্গার জীবননগরের মনোয়ার ব্যাপারীকে (৭৫) নিতে ঘনিষ্ঠ কেউ আসেনি।
চোরাচালান ও অস্ত্র মামলায় মনোয়ারের ১৬ বছরের সাজা হয়েছিল। এরমধ্যে পার করেছেন ১০ বছর।
কারাগারে প্রথমদিকে কাপড়ের কাজ করতেন। পরে ডায়াবেটিস ধরা পড়ে। আস্তে আস্তে চোখ খারাপ হতে শুরু করে। এখন চোখে প্রায় দেখেন না। অসুস্থ বিবেচনায় মনোয়ার মুক্তি পান।
মনোয়ারকে নিতে কারাফটকে এসেছিলেন গ্রাম সম্পর্কের আত্মীয় ফারুক।
তিনি জানালেন, মনোয়ারের স্ত্রী মারা গেছেন কয়েকবছর আগে। এক মেয়ের বিয়ে হয়েছে। তার স্বামী বিদেশে থাকেন। মেয়ের অনুরোধে তিনি এসেছেন মনোয়ারকে নিতে।
মনোয়ার বললেন, "কখন মইরা যাই জানি না। এইবার ঈদ গ্রামে মানুষের সাথে, জেলখানার বাইরে করতে পারলাম। এখন অন্তত শান্তিতে নিজের গ্রামে মরতে পারুম।"
সোমবার সারাদেশে মুক্তি পাওয়া ১২৫ জনের মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ছিলেন ১১জন। বাকি ১১৫ জন ছিলেন দেশের বিভিন্ন স্থানের ৬৬টি কারাগারের।
কারা মহাপরিদর্শক বিগ্রেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম বলেন, "প্রতিবছর ঈদের সময় রাষ্ট্রপতির বিশেষ ক্ষমায় কিছু কারাবন্দিকে মুক্তি দেওয়া হয়ে থাকে। এবছর এমন ১২৬ জনকে মুক্তি দেওয়া হয়েছে।"
আশরাফুল ইসলাম আরো বলেন, জেলকোডের ৫৯৪ ধারা অনুযায়ী, যাদের বয়স ৮০ বছরের উপরে অথবা দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত, অন্ধ বা অথর্ব ইত্যাদি বিবেচনায় বন্দিদের মুক্তি দেওয়া হয়ে থাকে। তবে এজন্য তাদের প্রাপ্ত সাজার অন্তত অর্ধেক পূরণ করতে হয়।
এর আগে গত ১৭ অগাস্ট রাষ্ট্রপতির অপর এক আদেশে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১৮১ জন কারাবন্দিকে মুক্তি দেওয়া হয়। যাদের সাজার বয়স অন্তত ২০ বছর পার হয়েছে এমন বন্দিদের ভালো ব্যবহার ও চারিত্রিক সংশোধনের কারণে স্বাভাবিক জীবনে ফিরে যেতে মুক্তি দেওয়া হয়।
বর্তমানে দেশের কারাগারগুলো ৭০ হাজারের কিছু বেশি বন্দি রয়েছে। ১ অগাস্টের তথ্য অনুযায়ী এদের মধ্যে মহিলার সংখ্যা ২৭৬৬ জন। এছাড়া মায়ের সঙ্গে কারাগারে রয়েছে ৬ বছরের নিচের বয়সী শিশুর সংখ্যা ৩৭৭, কিশোর অপরাধী রয়েছে ৫৫ জন ও নিরাপদ হেফাজতে রয়েছে ৩৬ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/ডিডি/২৩১০ ঘ.
bdnews24