২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ জামাতে ইমাম নিয়ে সংঘর্ষ, আহত ২৭

ঈদ জামাতের ইমাম নিয়োগ নিয়ে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সংঘর্ষে পুলিশসহ অন্তত ২৭ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2011, 03:23 PM

Updated : 24 Aug 2022, 03:51 PM

কুড়িগ্রাম, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ জামাতের ইমাম নিয়োগ নিয়ে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সংঘর্ষে পুলিশসহ অন্তত ২৭ জন আহত হয়েছে। বুধবার কচাকাটার চরটেপার কুটি দাখিল মাদরাসা এলাকায় এ সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড গুলি চালাতে হয় বলে পুলিশ জানিয়েছে। তিন পুলিশসহ আহতদের নাগেশ্বরী, ভূরুঙ্গামারী ও কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কচাকাটা থানার উপ-পরিদর্শক (এসআই) স্বপন জানান, চরটেপার কুটি ঈদাগাহ মাঠে ঈদের জামাতে ইমাম নিয়োগ নিয়ে সকালে স্থানীয় ম-ল গ্রুপ ও ব্যাপারী গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। নামাজ শুরু হলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কচাকাটা থানা পুলিশ ঘটনাস্থলে গেলে লোকজন পুলিশের উপর হামলা চালায়। হামলায় তিনি নিজে (এসআই স্বপন), কনস্টেবল সুভন (২৮), সঞ্জীত (২৯) ও লিটন (২৯) আহত হন। এ সময় বাদশা, হাবিব ও আনিছুর গুলিবিদ্ধ এবং লাঠিপেটায় অন্তত ২০ জন আহত হয়। পুলিশ সুপারিনটেনডেন্ট মাহবুবুর রহমান বলেন, ওই এলাকায় নাগেশ্বরী, ভূরুঙ্গামারী ও কচাকাটা থানার পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১০ ঘ.