কিশোরগঞ্জ, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার বাঁশহাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো গ্রামের দুবাই প্রবাসী আবুল কামেসের মেয়ে ময়মুন আক্তার (১১) এবং ছেলে সৌরভ (৩)।
স্থানীয় মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে ঈদের নতুন কাপড় পড়ে ময়মুন ও সৌরভ পাশের ফুফুর বাড়িতে বেড়াতে যাচ্ছিলো।
পথে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে তাদের উপর পড়লে ঘটনাস্থলেই ভাই-বোনের মৃত্যু হয় বলে জানান রফিকুল।
স্থানীয় শিক্ষক আব্দুস সাত্তার জানান, দীর্ঘদিন ধরে তারটি জরাজীর্ণ ছিলো। পল্লী বিদ্যুৎ সমিতি যদি আগে থেকে লাইনটি সংস্কার করতো তাহলে এ দুর্ঘটনা ঘটতো না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, ঘটনাটি মর্মান্তিক। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০৩৮ ঘ.
bdnews24