নোয়াখালী, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মসজিদের টাকার হিসাব নিয়ে সংঘর্ষে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার নোয়াখালী ও লক্ষ্মীপুরের সীমান্ত এলাকায় এ ঘটনায় নিহত হন কমলনগর উপজেলার দক্ষিণ-পূর্ব চরবসু গ্রামের প্রয়াত সায়েদুল হকের ছেলে মো. বেলাল (৩০)।
এর জেরে দুপুরে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার জাহাজমারা এবং লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার দক্ষিণ-পূর্ব চরবসু গ্রামের বাসিন্দাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এত আহত হন অন্তত পাঁচজন।
সংঘর্ষ চলাকালে অন্তত ১২টি বসতঘর ও দু'টি দোকান জ্বালিয়ে দেওয়া হয়।
এ ঘটনায় বিকেলে নিহত বেলালের বড়ভাই জয়নাল আবেদীন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
চরজব্বার থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জাহাজমারা ও দক্ষিণ-পূর্ব চরবসু গ্রামের মধ্যবর্তী স্থানে রহমানিয়া জামে মসজিদে রমজান মাসে তারাবির নামাজের জন্য আদায় করা টাকার হিসাব নিয়ে ঈদের নামাজের পর এলাকাবাসীর মধ্যে কথা কাটাকাটির জেরে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
এক পর্যায়ে জাহাজমারা গ্রামের কয়েকজন ছুরি দিয়ে বেলালের গলায় আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এরপরই দুই গ্রামের লোকজনের মধ্যে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
পরে চরজব্বার ও কমলনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চরজব্বার থানার ওসি আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ধারালো ছুরি দিয়ে বেলালকে জবাই করা করা হয়েছে।
এ ঘটনায় হেলাল, শাহনাজ ও আমেনা নামে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
কমলনগর থানার ওসি এনামুল হক জানান, ঘটনাস্থলে উভয় থানার পুলিশ অবস্থান করছে।
নোয়াখালীর পুলিশ সুপারিনটেনডেন্ট হারুনুর রশীদ হাজারী ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে ওসি জানান।
নিহত বেলালের ভাই জয়নাল আবেদীন জানান, তার ভাইকে পরিকল্পিতভাবে জবাই করে হত্যা করা হয়েছে।
রহমানিয়া জামে মসজিদো পেশ ইমাম এনায়েত উল্লাহ বলেন, মসজিদের ঘটনার পর বাজারের পাশে বেলালকে জবাই করে হত্যা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০১৬ ঘ.
bdnews24