২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়িজটমুক্ত হয়েছে পাটুরিয়া ঘাট

ফেরি পারাপারের অপেক্ষায় থাকা গাড়িগুলো পার হওয়ার পর পাটুরিয়া ঘাটে আর যানজট নেই। দুপুরের পর থেকেই জটে থাকা গাড়ি কমতে শুরু করে। সন্ধ্যার পর গাড়িজটমুক্ত হয় পাটুরিয়া ঘাট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2011, 03:53 PM

Updated : 24 Aug 2022, 03:51 PM

মানিকগঞ্জ, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেরি পারাপারের অপেক্ষায় থাকা গাড়িগুলো পার হওয়ার পর পাটুরিয়া ঘাটে আর যানজট নেই। দুপুরের পর থেকেই জটে থাকা গাড়ি কমতে শুরু করে। সন্ধ্যার পর গাড়িজটমুক্ত হয় পাটুরিয়া ঘাট। মঙ্গলবার রাত ৯টায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) বিদ্যুৎ কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এখন যানজট একেবারে নেই। সর্বশেষ ২৫টি ছোটবড় গাড়ি ফেরিতে উঠে গেছে। দুপুরের পর থেকেই গাড়ির চাপ কমতে শুরু করে বলে তিনি জানান। ঈদে ঘরমুখো মানুষের চাপে যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় সোমবার রাত থেকে পাটুরিয়ায় তীব্র যানজট সৃষ্টি হয়। মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকা-পাটুরিয়া মহাসড়কের অন্তত সাড়ে তিন কিলোমিটার পর্যন্ত যানবাহনের দীর্ঘ লাইন ছিলো বলে জানায় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। যানজটের কবলে পড়ে প্রায় চার শতাধিক বাস ও দেড় শতাধিক ছোট যানবাহন। এসময় দুর্ভোগে পড়ে হাজার হাজার ঘরমুখো মানুষ। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে নয়টি রো রো (বড়) ও একটি কে-টাইপ (ছোট) ফেরি যানবাহন পারাপার করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/সিএস/ডিডি/২১৫০ ঘ.